হাওরাঞ্চলের সমস্যা সমাধানে সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে: ত্রাণ প্রতিমন্ত্রী ইকবাল হুসাইন

0
হাওরাঞ্চলের সমস্যা সমাধানে সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে: ত্রাণ প্রতিমন্ত্রী ইকবাল হুসাইন

প্রেসনিউজ২৪ডটকমঃ মো:মাহফুজুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : হাওরাঞ্চলের মানুষের দুর্ভোগ কমাতে বজ্রপাত, অতিবৃষ্টি ও আকস্মিক বন্যাসহ বিভিন্ন সমস্যা মোকাবিলায় সরকারের সুদূরপ্রসারী পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেইন। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘হাওর বিষয়ক মন্ত্রণালয় হবে কি না, সেটা জানি না। তবে হাওর নিয়ে আমাদের অনেক কাজ ও চিন্তাভাবনা রয়েছে। হাওরে বজ্রপাতে মানুষ মারা যায়, অতিবৃষ্টিতে অল্পতেই বন্যা হয়ে যায়—এসব বিষয় আমাদের চিন্তার মধ্যে রয়েছে।’ তিনি আরও বলেন, হাওরাঞ্চলের সমস্যা সমাধানে দীর্ঘমেয়াদি অনেক পরিকল্পনা রয়েছে। প্রধানমন্ত্রীর দেওয়া এসব পরিকল্পনা নিয়ে কাজ চলছে। আগামী অর্থবছরে এর অনেকগুলো বাস্তবে দৃশ্যমান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্যামগঞ্জ সমিতি-ঢাকার সভাপতি ও অতিরিক্ত আইজিপি (অবসরপ্রাপ্ত) মো. মতিউর রহমান। শ্যামগঞ্জ ও পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের এ সময় সংবর্ধনা ও সম্মাননা দেওয়া হয়। শ্যামগঞ্জ সমিতি-ঢাকার আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here