প্রেসনিউজ২৪ডটকমঃ জিয়াউর রহমান জিয়া মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ঃ ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে অবৈধ ভাবে বাংলাদেশে পুশ- ইন চেষ্টা করে। পরে তা জানতে পেরে রুখে দিল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার সকালে মহেশপুর বিজিবি’র ৫৮ ব্যাটেলিয়নের অধিনস্থ খোশালপুর সীমান্ত এলাকায় এ ঘটনাটি ঘটে। বিজিবি সুত্রে জানা গেছে, সীমান্ত পিলার ৬০/৯৮ কাছে থাকা গেট দিয়ে ভারতের ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের রামনগর ক্যাম্পের সদস্যরা এক পুরুষকে জোর পূর্বক বাংলাদেশের ঠেলে দেওয়ার চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে খোশালপুর বিজিবি ক্যাম্পের টহল দল সতর্ক হয় এবং তাকে বাংলাদেশে ঢুকতে বাধা দেয়।
বিজিবি’র কড়া অবস্থানের কারণে পুশ-ইনের চেষ্টা ব্যর্থ হয়। বর্তমান ওই অজ্ঞাত ব্যক্তি ভারতের সীমানার ভিতরে কাঁটাতারের বেড়ার কাছে অবস্থান করছেন।বিজিবির পক্ষ থেকে ঘটনার বিষয়ে বিএসএফকে জানানো হয়েছে বলেও জানান বিজিবি’র সহকারী পরিচালক মুন্সি এমদাদুর রহমান।





