প্রেসনিউজ২৪ডটকমঃ রাজধানীর সরকারি তিতুমীর কলেজে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ ওঠার একদিন পরই কলেজ শাখা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংগঠনের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিতা বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে শিগগিরই ওই ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হবে।’ এতে আরো বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
এর আগে শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে তিতুমীর কলেজে দুই পক্ষের বিরোধের মধ্যে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ফেস দ্য পিপলের ক্যাম্পাস প্রতিনিধি ও সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির সহযোগী সদস্য আব্দুর রহমান তালুকদার হামলার শিকার হন। এ সময় তার মোবাইল ফোনও ছিনিয়ে নেওয়া হয়।
অভিযোগের ঘটনায় তিতুমীর কলেজ ছাত্রদলের সদস্যসচিব সেলিম রেজার অনুসারী এবং শহীদ মামুন হল শাখা ছাত্রদলের সহ-সভাপতি রোকনুজ্জামান রাকিবসহ কয়েকজনের বিরুদ্ধে জড়িত থাকার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সাংবাদিকের ওপর হামলাকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিলেন।





