সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত ৩

0
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় চালকসহ নিহত ৩

প্রেসনিউজ২৪ডটকমঃ সিরাজগঞ্জের সলঙ্গায় যাত্রীবাহী বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও অন্তত দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কে উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানাধীন চড়িয়া এলাকায় র‌্যাব-১২ সদর দফতরের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে চালকসহ দুইজনের পরিচয় পাওয়া গিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় সলঙ্গা থেকে যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা সিরাজগঞ্জ শহরের দিকে যাচ্ছিলো। অটোরিকশাটি মহাসড়কের চড়িয়া র‌্যাব কার্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি রাজশাহীগামী দ্রুতগতির যাত্রীবাহী বাস সেটিকে চাপা দেয়।

এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালকসহ তিনজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়। সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম আলী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, বাসচাপায় ঘটনাস্থলেই তিনজন মারা গেছেন।

আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘাতক বাসটিকে আটক ও দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ কাজ করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here