প্রেসনিউজ২৪ডটকমঃ নিজস্ব প্রতিনিধি মতলব (চাঁদপুর) :জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা প্রশাসনের উদ্যোগে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৯ মে) সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে আয়োজিত এ মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ, ওটারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, ছেংগারচর মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ বেনজির আহমেদ মুন্সি, সাংবাদিক একেএম গোলাম নবী খোকন, সফিকুল ইসলাম রানা ও আরাফাত আলামিন প্রমুখ। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন ভূমি কর্মকর্তা, সেবাগ্রহীতা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। পরে আলোচনা সভায় সহকারী কমিশনার (ভূমি) জানান, মেলায় মোট তিনটি স্টল স্থাপন করা হয়েছে। এর মধ্যে উপজেলা ভূমি অফিস, ইউনিয়ন ভূমি অফিস এবং পৌর ভূমি অফিসের পৃথক স্টল থেকে ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদান করা হচ্ছে।
মেলায় নামজারি (মিউটেশন), জমাভাগ, ১-সনা বন্দোবস্তসহ উপজেলা ভূমি অফিসের যাবতীয় সেবা প্রদান করা হচ্ছে। বিশেষ করে মেলা চলাকালীন কোনো আবেদনকারীর কাগজপত্র সঠিক থাকলে তিন দিনের মধ্যেই নামজারির সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করে সরাসরি ডিসিআর (DCR) হাতে তুলে দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মাহমুদা কুলসুম মনি বলেন, ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ই-সেবা চালু করেছে। তবে সঠিকভাবে সেবা পেতে হলে জনগণকে এ সংক্রান্ত নিয়ম-কানুন জানতে ও মানতে হবে। তাহলেই হয়রানি ও ভোগান্তি কমে আসবে।
তিনি আরও বলেন, বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ভূমি সেবাকে হয়রানিমুক্ত ও অটোমেশন করা হয়েছে। এখন ঘরে বসেই নামজারির আবেদন, ডিসিআর কাটা এবং খতিয়ানের নকশার জন্য জেলা রেকর্ড রুমে অনলাইনে আবেদন করা সম্ভব। এমনকি আবেদনকারীর ঠিকানায় ডাকযোগে প্রয়োজনীয় কাগজপত্র পৌঁছে দেওয়ার ব্যবস্থাও রয়েছে।
ভূমি বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলেও জানান বক্তারা। তারা বলেন, শিক্ষার্থীরা ছোটবেলা থেকেই ভূমি সংক্রান্ত জ্ঞান অর্জন করলে ভবিষ্যতে পরিবার ও সমাজের বিভিন্ন সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
এসময় গণমাধ্যমকর্মীদের প্রতি ভূমি মেলার ব্যাপক প্রচারণা চালানোর আহ্বান জানানো হয়। বিশেষ করে ভূমি সেবায় হয়রানি বা জটিলতার ক্ষেত্রে কোথায় যোগাযোগ করতে হবে, সে বিষয়টি সংবাদ ও লেখনীর মাধ্যমে জনগণের সামনে তুলে ধরার অনুরোধ করা হয়।
বক্তারা আরও বলেন, সাধারণ মানুষের মধ্যে ভূমি সেবা গ্রহণের স্থান বা পদ্ধতি নিয়ে অনেক সময় বিভ্রান্তি তৈরি হয়। এই মেলার মাধ্যমে সরাসরি স্টল থেকে তথ্য ও পরামর্শ গ্রহণ করে সেই বিভ্রান্তি দূর করা সম্ভব হবে। পাশাপাশি যেকোনো জটিলতায় সংশ্লিষ্ট অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তা বা অফিস প্রধানের সঙ্গে সরাসরি যোগাযোগ করার পরামর্শও দেওয়া হয়।





