ফুলবাড়ীতে বাড়াই ও রাঙামাটিতে শ্রীশ্রী বল্লাকালী পূজা ও মেলার উদ্বোধন
প্রেসনিউজ২৪ডটকমঃ ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে বাড়াই ও রাঙামাটি সার্বজনীন শ্রীশ্রী বল্লাকালী পূজা উপলক্ষে ১০ দিনব্যাপী পূজার্চনা ও মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) পৃথক দুটি মন্দির প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে পূজা ও মেলার উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক, দৈনিক দেশ মা পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ও সমাজসেবক আনন্দ কুমার গুপ্ত। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.এস.এম. শাহাদাত হোসেনসহ অন্যান্য অতিথিবৃন্দ।
বাড়াই শ্রীশ্রী বল্লাকালী মন্দিরের সভাপতি শ্রী খোকন চন্দ্র রায় এবং রাঙামাটি সার্বজনীন শ্রীশ্রী বল্লাকালী মন্দিরের সভাপতি বাবু শ্রী উজ্জ্বল রায় নিজ নিজ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ১০ দিনব্যাপী পূজার্চনা ও মেলা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে প্রতিদিন মন্দির প্রাঙ্গণে ভক্ত, পুণ্যার্থী ও দর্শনার্থীদের সমাগম ঘটবে বলে আশা করছেন আয়োজকরা।উল্লেখ্য, বাড়াই শ্রীশ্রী বল্লাকালী পূজা এবার ১০৭তম এবং রাঙামাটি সার্বজনীন শ্রীশ্রী বল্লাকালী পূজা ১২৬তম বর্ষে পদার্পণ করেছে।
