১২ নভেম্বর ২০২৬
সর্বশেষ

নির্ভীক ও নিরপেক্ষ সংবাদ, ২৪ ঘণ্টা

সর্বশেষ

নির্ভীক ও নিরপেক্ষ সংবাদ, ২৪ ঘণ্টা

রাজনীতিসারাদেশ

মতলব উত্তরে মধ্যরাতে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ

প্রেসনিউজ২৪ডটকমঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিএনপির একটি দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীদের দায়ী করেছেন বিএনপির এক নেতা। তবে এ অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। সরেজমিনে দেখা যায়, ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের কার্যালয় হিসেবে ব্যবহৃত টিনের ঘরটির একটি অংশ আগুনে পুড়ে গেছে।

কার্যালয়টির তদারককারী ও স্থানীয় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী সাখাওয়াত হোসেন বলেন, রাত আড়াইটার দিকে কার্যালয়ে আগুন দেওয়া হয়। কার্যালয়টি পাকা সড়কের পাশে হওয়ায় ওই পথে যাওয়ার সময় এক অটোরিকশাচালক আগুন দেখতে পান। পরে তিনি আগুন নিভিয়ে ফেলায় ক্ষয়ক্ষতি কম হয়েছে। এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের দায়ী করে কাজী সাখাওয়াত হোসেন দাবি করেন, ২০১৮ সালেও আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে একই কার্যালয়ে আগুন দেওয়া হয়েছিল। ফতেপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি তোফায়েল পাটোয়ারী বলেন, তারা পরিচ্ছন্ন রাজনীতিতে বিশ্বাস করেন।

দলীয় কার্যালয়ে এ ধরনের অগ্নিসংযোগের ঘটনা দুঃখজনক। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বশির আহমেদ খান অভিযোগ করেন, সংসদ সদস্য ড. মোহাম্মদ জালাল উদ্দিন এবং তার স্বজনদের সঙ্গে আওয়ামী লীগের আঁতাতের কারণেই বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এটি বড় ধরনের কোনো নাশকতার অংশ কি না, জানতে চাইলে মতলব উত্তর থানার ওসি মানস বড়ুয়া বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে পুলিশের অভিযানও অব্যাহত রয়েছে। এ বিষয়ে জানতে স্থানীয় সংসদ সদস্য আলহাজ ড. মোহাম্মদ জালাল উদ্দিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি খেতে বসেছেন জানিয়ে পরে ফোন করবেন বলে সংযোগ বিচ্ছিন্ন করেন। পরে তার বক্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত