মতলব উত্তরে শ্বশুরবাড়িতে নববধূর রহস্যজনক মৃত্যু
প্রেসনিউজ২৪ডটকমঃ চার বছরের প্রেমের সম্পর্কের পর ভালোবেসে বিয়ে। স্বপ্নের সংসার শুরু হয়েছিল মাত্র ছয় মাস আগে। কিন্তু সেই সংসারের ইতি ঘটল এক নববধূর রহস্যজনক মৃত্যুর মধ্য দিয়ে। চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় শ্বশুরবাড়ি থেকে নিপা আক্তার (২০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের পরিবারের অভিযোগ, স্বামীর নির্যাতন ও পারিবারিক কলহের জেরেই তার মৃত্যু হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের নাউরী বাজার এলাকার কবিরাজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত নিপা উপজেলার মোহনপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের হানিফ ব্যাপারীর মেয়ে। নিহতের স্বজনরা জানান, চার বছরের প্রেমের সম্পর্কের পর সিফাতের সঙ্গে নিপার বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন সময় স্বামীর নির্যাতনের শিকার হতেন তিনি। স্বামী সিফাত নেশাগ্রস্ত ছিলেন এবং প্রায়ই তাকে মারধর করতেন বলে অভিযোগ পরিবারের। পারিবারিক কলহ ও আর্থিক লেনদেন নিয়েও তাদের মধ্যে বিরোধ চলছিল। একাধিকবার সালিশ-বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করা হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি।
পরিবারের অভিযোগ, ঘটনার দিনও নিপাকে মারধর করা হয়। পরে তাকে বাবার বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করা হলেও রাত হয়ে যাওয়ায় সকালে পাঠানোর কথা বলে শ্বশুরবাড়ির লোকজন তাকে সেখানে রেখে দেন। এর কিছুক্ষণ পরই পরিবারের কাছে নিপার মৃত্যুর খবর আসে। নিহতের বাবা হানিফ ব্যাপারী কান্নাজড়িত কণ্ঠে বলেন, দীর্ঘদিন ধরে তার মেয়ের ওপর নির্যাতন চালানো হচ্ছিল। একাধিকবার পারিবারিকভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
এদিকে নিপার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর স্বামী সিফাত, তার বাবা আবুল কালামসহ পরিবারের সদস্যদের কাউকে বাড়িতে পাওয়া যায়নি বলে দাবি করেছেন নিহতের স্বজনরা। তাদের অভিযোগ, ঘটনার পর তারা বাড়ি ছেড়ে চলে গেছেন। মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি কক্ষে ওড়না ঝুলন্ত অবস্থায় এবং অন্য একটি কক্ষে নিপার মরদেহ দেখতে পায়।
পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
