পার্বতীপুরে নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগের ষড়যন্ত্রের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল
প্রেসনিউজ২৪ডটকমঃ ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের অবৈধ কার্যক্রম এবং দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে দিনাজপুরের পার্বতীপুরে বিক্ষোভ মিছিল ও মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
১০ নভেম্বর, মঙ্গলবার সন্ধ্যা ৬টায় পার্বতীপুর উপজেলার ধাপের বাজার থেকে মিছিলটি শুরু হয়। দিনাজপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা ও কারা নির্যাতিত নেতা ফরিজার রহমান তপু এর নেতৃত্বে শতাধিক নেতাকর্মী এতে অংশ নেন। মিছিলটি ধাপের বাজার থেকে বের হয়ে কয়লাখনি বাজার, ভবানীপুর বাজার, চৌপতি বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে প্রতিবাদ সমাবেশ করে।
মিছিল শুরুর পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে ফরিজার রহমান তপু বলেন, “যারা দেশকে অস্থিতিশীল করার জন্য পায়তারা চালাচ্ছে, তাদেরকে সাবধান করে দিতে চাই। আপনারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবেন না। বিএনপির দুর্দিনের ত্যাগী নেতারা এই অপচেষ্টাকে শক্ত হাতে প্রতিহত করবে।” তিনি আরও বলেন, “পলাতক শেখ হাসিনা আর কখনোই দেশে ফিরবে না, কারণ এই দেশে তার কিছুই নেই। যে সমস্ত নেতাকর্মীরা তার কথায় দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন, তারা সাবধান হয়ে যান।”
বক্তব্যে তিনি বলেন, “‘২৪-এর আন্দোলনে স্বৈরাচারী সরকারের বিদায়ের পর জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করেছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন স্বৈরাচারের কিছু দোসর দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র চালাচ্ছে। আমরা ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র মোকাবিলা করতে সব সময় প্রস্তুত আছি।” মিছিলে যুবদল, ছাত্রদল ও বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
