প্রেসনিউজ২৪ডটকমঃ মুন্সীগঞ্জের শ্রীনগরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ওসিসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শ্রীনগর জমজম টাওয়ার এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকাল ১১টায় জমজম টাওয়ার এলাকা থেকে একপক্ষের পূর্বনির্ধারিত আনন্দ মিছিলের কর্মসূচি ছিল। সকালে সেখানে নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন। এ সময় আরেকপক্ষের কয়েকজন অনুসারী ঘটনাস্থলে উপস্থিত হলে কথাকাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
এ সময় মোটরসাইকেল ভাঙচুর, ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে শ্রীনগর থানার ওসি (তদন্ত) মিল্টন দত্তসহ ১০ জন আহত হন। জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার পারভেজ বলেন, দুপক্ষের মধ্যে কথাকাটাকাটি ও উত্তেজনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে দুপক্ষকে সরিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের সময় ওসি (তদন্ত) মিল্টন দত্ত চোখে আঘাত পেয়েছেন।





