প্রেসনিউজ২৪ডটকমঃ সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের দ্রুত আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২২ আগস্ট) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সন্ত্রাসীদের হামলায় আহত ঢামেকের ইএনটি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানকে দেখতে গিয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
এ সময় সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনও উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। সংঘবদ্ধ সন্ত্রাসী ও চাঁদাবাজদের নির্মূল করা হবে। তিনি জানান, বিশেষ করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)সহ দেশের সব মেট্রোপলিটন এলাকায় চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারিদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে।
দায়িত্ব পালনে যারা ব্যর্থ হবেন, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।চাঁদাবাজদের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা রাতারাতি কোটিপতি হতে চায়। চাঁদাবাজরা চিহ্নিত সন্ত্রাসী, দাগি আসামি ও গডফাদারদের নাম ব্যবহার করে। শুধু চাঁদাবাজদের তালিকা নয়, তাদের সঙ্গে কোনো পুলিশ সদস্য জড়িত থাকলে তাদেরও তালিকাভুক্ত করা হচ্ছে। হাসপাতালে মন্ত্রীরা চিকিৎসকদের কাছ থেকে অধ্যাপক ডা. মো. আসাদুর রহমানের চিকিৎসার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন।
তার দ্রুত সুস্থতা কামনা করার পাশাপাশি চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তারা। কয়েকদিন আগে রাজধানীর শান্তিনগানে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হন ডা. আসাদুর রহমান। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।





