প্রেসনিউজ২৪ডটকমঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের একটি পোশাক কারখানায় হঠাৎ প্রায় শতাধিকের বেশি নারী শ্রমিক অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। তবে শ্রমিকদের অসুস্থতার কারণ হিসেবে তীব্র গরমের কথা জানিয়েছে ইপিজেড কর্মকর্তা। শনিবার (২২ আগস্ট) দুপুরের পর থেকে ইউনিভার্সেল মেনসওয়্যার লিমিটেডে এ ঘটনা ঘটেছে।
পোশাক কারখানার শ্রমিক সূত্রে জানা গেছে, দুপুর থেকে ইউনিভার্সেল মেনসওয়্যার লিমিটেডে কারখানার নতুন ভবনের তৃতীয় তলায় এবং দ্বিতীয় তলায় একে একে নারী শ্রমিকরা অসুস্থ হয়ে পর থাকে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে অসুস্থ শ্রমিকদের সংখ্যা শতাধিক ছাড়িয়ে গেছেন। তাদের ইপিজেডের বেপজা মেডিকেল হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। অপরদিকে হঠাৎ এমন পরিস্থিতির সম্মুখীন হয় কারখানাটির কর্মরত শ্রমিকরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি করতে থাকে।
নাম প্রকাশ না করা শর্তে কারখানায় কর্মরত এক শ্রমিক বলেন, দুপুরের পর থেকেই নতুন ভবনের তৃতীয় ও দ্বিতীয় তলার শ্রমিকরা একে একে অসুস্থ হয়ে পড়ছে। অসুস্থের সংখ্যা অধিক হওয়ায় রাত ৯ টায় ছুটি দেওয়ার কথা থাকলেও সাড়ে ৭টার মধ্যে ছুটি দেওয়া হয়েছে। এ বিষয়ে ইউনিভার্সেল মেনসওয়্যার লিমিটেডে কারখানার (জিএম) বিল্লাল হোসেন বলেন, ৭ থেকে ৮ জন শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে এবং আরও শ্রমিক অসুস্থতা অনুভব করছে বলে জানতে পেরেছি।
তবে অসুস্থতার কী থেকে হচ্ছে আমরা নিশ্চিত হতে পারিনি। অসুস্থ শ্রমিকদের হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। এ বিষয়ে বক্তব্যের জন্য আদমজী ইপিজেডের ব্যবস্থাপনা পরিচালককে একাধিক ফোন করা সত্বেও তিনি কল রিসিভ করেননি।
আদমজী ইপিজেডস্থ বেপজার অতিরিক্ত নির্বাহী পরিচালক নাসরিন জানান, শ্রমিকের প্রাথমিকভাবে বুঝেছি হিট স্ট্রোক হয়েছে। আমার এখানে ২০ জনের মতো অসুস্থ রয়েছে। তাদেরকে উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে।





