প্রেসনিউজ২৪ডটকমঃ জিয়াউর রহমান জিয়া মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলার সরূপপুর ইউনিয়নের শংকরপুর গ্রামের মাঠপাড়ায় সরকারি রাস্তার জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ উঠেছে রুহুল আমিন নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
৪৭৬ নং দাগের এই সরকারি রাস্তার জমিটি দখল হয়ে যাওয়ায় ওই এলাকার প্রায় ১০টি পরিবার তাদের চলাচলের পথ হারিয়ে অবরুদ্ধ হয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানাগেছে, ৪৭৬ নং দাগের সরকারি জমি দখল করে ঘর নির্মানে ইউনিয়ন ভূমি কর্মকর্তা জুলফিকার রহমান একাধিকবার বাধা দিলেও তা অমান্য করেই রুহুল আমিন নির্মানকাজ চালিয়ে যাচ্ছেন।
এ বিষয়ে ইউনিয়ন ভূমি কর্মকর্তা জুলফিকার রহমান জানান, আমরা কয়েক বার ঘটনাস্থলে গিয়ে ঘর নির্মাণের কাজ বন্ধ করেছি। কিন্তু তিনি কোনো বাধা মানছেন না। বিষয়টি সহকারী কমিশনারকে (ভূমি) অবগত করা হলে তিনি অভিযুক্ত রুহুল আমিনের কাছে নোটিশ পাঠিয়েছেন।
মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজ্জাদ হোসেন বলেন, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত হয়েছেন। তদন্ত পূর্বক অভিযোগের সত্যতা পাওঢা গেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





