প্রেসনিউজ২৪ডটকমঃ মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলার গাড়াবাড়ীয়া গ্রামের মাঠ থেকে এক রাতেই চার কৃষকের চারটি সেচপাম্প (মোটর) চুরির ঘটনা ঘটেছে। রোববার দিবাগত রাতে এ চুরির ঘটনাটি ঘটে।
এলাকাবাসী জানান, সুন্দর মাঠে কৃষিকাজে ব্যবহৃত সেচপাম্প গুলো রাতের আঁধারে চোরেরা খুলে নিয়ে যায়। সকালে মাঠে গিয়ে কৃষকেরা দেখতে পান পাম্পগুলো চুরি হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত পাম্প মালিকরা হলেন- গাড়াবাড়ীয়া গ্রামের মৃত গহর আলী মন্ডলের ছেলে আজিজার রহমান, খায়রুল ইসলাম, রাব্বি এবং আব্দুস সালাম।
একই রাতে চার কৃষকের পাম্প চুরি হয়ে যাওয়ায় খেতের সেচকাজ নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন তারা। কৃষক খায়রুল ইসলাম বলেন, মাঠে ফসল বাঁচিয়ে রাখার জন্য সেচপাম্পই ছিল প্রধান ভরসা। হঠাৎ করে পাম্প চুরি হয়ে যাওয়ায় আমরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছি।
মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মেহেদী হাসান জানান, ঘটনাটি সম্পর্কে আমরা অবগত হয়েছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।





