প্রেসনিউজ২৪ডটকমঃ দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভা পরিচালিত ফুলবাড়ী পশু হাটে কোরবানির গরু কিনে ফ্রিজ পেলেন এক ক্রেতা। আজ বুধবার সন্ধ্যায় পৌর শহরের সরকারি কলেজ সংলগ্ন শহীদ মিনার পশুর হাটে বিজয়ী ক্রেতার হাতে ফ্রিজ তুলে দেন হাটের ইজারাদার মানিক মন্ডল। ফুলবাড়ী পৌরসভা সূত্রে জানা যায়, প্রতিবছর কোরবানি ঈদ উপলক্ষে ফুলবাড়ী পৌরসভা কর্তৃক পশু হাট ইজারা দেওয়া হয়।
এবছর ইজারা পেয়েছেন ফুলবাড়ী ব্যবসায়ী সমিতির সদস্য সচিব মানিক মন্ডল। ক্রেতা আকর্ষণে তিনি গরু ছাগল ক্রয়কারীদের পুরস্কার ঘোষনা করেন। ঘোষনা অনুযায়ী ঈদের রাতে লটারির মাধ্যমে গরু ক্রেতা একজনকে একটি ফ্রিজ ও ছাগল ক্রেতা একজনকে একটি এলইডি টিভি দেওয়ার কথা প্রচার করা হয়। এজন্য প্রতিটি গরু ও ছাগল ক্রয়ের ছাপা রশিদের একটি করে লটারি কুপন দেয়া হয়। আজ সন্ধ্যায় উন্মুক্ত লটারির মাধ্যমে ভাগ্যবানদের বাছাই করা হয়।
লটারিতে গরু ক্রেতা উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের জমিদারপাড়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে মো. সুজন ইসলাম একটি ফ্রিজ পান। ফ্রিজ পেয়ে সুজন ইসলাম বলেন, গত রোববার (২৪মে) কয়েকজন মিলে ৭৩ হাজার টাকা দিয়ে একটি গাভী ক্রয় করি। জীবনে এই প্রথম গরু কিনে কোন পুরস্কার পেয়েছি। এভাবে প্রচারের মাধ্যমে আগামীতে ফুলবাড়ী পশু হাট আরও বড় পরিসরে চালু হবে।
এছাড়া ছাগল ক্রয়ের মাধ্যমে এলইডি টিভি পাওয়া ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তার টিকেট নম্বর ক ৩৪৬৪।
হাটের ইজারাদার মো. মানিক মন্ডল বলেন, আমরা পশু হাট ইজারা নিয়েছি। গরু ছাগল ক্রয় বিক্রয় হলেই আমাদের কাজ শেষ হওয়ার কথা। কিন্তু হাটের আকর্ষণ বাড়াতে এবং প্রচার প্রচারণার জন্য আমরা গরু ক্রেতাদের একটি ফ্রিজ এবং ছাগল ক্রেতাদের একটি এলইডি টিভি পুরস্কার দিয়েছি।
এছাড়া আজকে প্রতিটি গরু বিক্রেতাকে একটি করে গামছা বিতরণ করা হয়েছে। আগামীতেও এধরনের কার্যক্রম অব্যহত থাকবে।





