২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ

নির্ভীক ও নিরপেক্ষ সংবাদ, ২৪ ঘণ্টা

সর্বশেষ

নির্ভীক ও নিরপেক্ষ সংবাদ, ২৪ ঘণ্টা

জাতীয়

শুক্রবার মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় নিষিদ্ধ হচ্ছে ইলিশ ধরা

প্রেসনিউজ২৪ডটকমঃ ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পদ্মা ও মেঘনা নদীতে শুরু হচ্ছে ইলিশ মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা। ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত এই নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে। বৃহস্পতিবার (২ অক্টোবর) এ তথ্য জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। শুক্রবার (৩ অক্টোবর) রাত ১২টার পর থেকেই এই নিষেধাজ্ঞা কার্যকর করা হবে। পদ্মা-মেঘনার ৭০ কিলোমিটার অংশ এই সময় ইলিশের অভয়াশ্রম হিসেবে থাকবে।

এ সময় ইলিশ আহরণ, পরিবহন, বিপণন ও মজুত নিষিদ্ধ করা হয়েছে। সরকারের এ অভিযান বাস্তবায়নে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছে জেলা ও উপজেলা টাস্কফোর্স। জেলা প্রশাসকের নেতৃত্ব উপকূলীয় এলাকায় চালানো হচ্ছে সচেতনতামূলক প্রচারণা। মন্ত্রণালয় জানায়, আশ্বিনী পূর্ণিমার আগের চার দিন ও অমাবস্যার পরের তিন দিনকে অন্তর্ভুক্ত করে মোট ২২ দিন ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫’ চলবে।

এ অভিযানে মৎস্য কর্মকর্তাদের পাশাপাশি নৌ পুলিশ, কোস্ট গার্ড, নৌবাহিনী, বিমানবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অংশ নেবে। এ সময় ৩৭ জেলার ১৬৫ উপজেলার ৬ লাখ ২০ হাজার জেলে পরিবারকে সরকারিভাবে ভিজিএফ কর্মসূচির আওতায় সহায়তা দেওয়া হবে। পরিবারপ্রতি ২৫ কেজি করে চাল দেওয়া হবে, যা মোট ১৫ হাজার ৫০৩ টন চালের সমান। এর আগে গত ৩০ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার জানিয়েছিলেন, বিজ্ঞানভিত্তিক গবেষণার আলোকে প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মৎস্যজীবীদের মতামত ও সংশ্লিষ্ট সংস্থার পরামর্শের ভিত্তিতেই সময়সীমা নির্ধারণ করা হয়েছে। গত বছরের নিষেধাজ্ঞার ফলে ৫২ দশমিক ৫ শতাংশ মা ইলিশ নিরাপদে ডিম ছাড়তে পেরেছিল। এর ফলে প্রায় ৪৪ হাজার কোটি জাটকা যুক্ত হয়, যা ভবিষ্যতে ইলিশের উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে। বাজারে এবার ইলিশের দাম বিগত যেকোনো বছরের চেয়ে বেশি বলে জানিয়েছেন বিক্রেতারা। প্রতি কেজি মাঝারি আকারের (৯০০–১১০০ গ্রাম) ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত।

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত