তালতলীতে বিয়ের দাবিতে ৫ সন্তানের জননীর অনশন
প্রেসনিউজ২৪ডটকমঃ তালতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে বিয়ের দাবিতে ৫ সন্তানের জননী হাফিজা বেগম কথিত প্রেমিক বেলাল গাজীর বাড়িতে অনশনে বসেছেন। শুক্রবার বিকেলে অনশনে বসা হাফিজা প্রেমিক বেলাল গাজীর স্ত্রীর মারধরের শিকার হয়ে শনিবার সকালে তালতলী হাসপাতালে ভর্তি হয়েছেন। উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়নের গেন্ডামারা গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, বিধবা হাফিজা বেগমের আগে থেকেই ৩ সন্তান ছিল। এরপর স্থানীয় জয়নাল হাওলাদার এর সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
একপর্যায়ে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সেখানে হাফিজার আরো দুই সন্তানের জন্ম হয়। সব মিলিয়ে ৫ সন্তানের জননী হাফিজা বেগম। গত বছর একই এলাকার বেলাল গাজী পার্শ্ববর্তী জয়নাল হাওলাদার এর বাড়িতে হাইব্রিড ধানের চাষ করেন। ধান চাষের সুবাদে জয়নাল হাওলাদার এর বাড়িতে বেলাল গাজী নিয়মিত যাতায়াত করতঃ। যাতায়াতের সূত্র ধরে হাফিজার সাথে বেলালের ঘনিষ্ঠতা তৈরি হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
পরে বেলাল গাজী তাকে বিয়ের আশ্বাস দিয়ে শারীরিক সম্পর্কে জড়িয়ে পরেন।হাফিজা বেগম জানান, বেলাল বিয়ের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়িত না করায় তার বাড়িতে অনশনে বসি। সন্ধ্যার পরে বেলাল গাজীর স্ত্রী আমেনা প্রতিবেশী সেতারা বেগমসহ কয়েকজন মিলে আমাকে বেধরক মারধর করেন। স্থানীয়রা উদ্ধার করে আমাকে তালতলী হাসপাতালে এনে ভর্তি করেন। বেলাল যদি আমাকে বিয়ে না করেন তাহলে আমি বিষ পানে আত্মহত্যা করব।
