ফুলবাড়ীতে বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও স্বর্ণালংকার লুটের অভিযোগ
প্রেসনিউজ২৪ডটকমঃ ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ৬নং দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর (পশ্চিমপাড়া) গ্রামে বসতবাড়িতে হামলা, ঘরবাড়ি ভাঙচুর, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট এবং নারীদের শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ আব্দুর রশিদ (৫০) ফুলবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার তারিখ *৩০/১০/২০২৬ ইং, দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে*। ভুক্তভোগীর অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে বিবাদীগণ দলবদ্ধ হয়ে হাতে বাঁশের লাঠি, লোহার খন্তি, লোহার রড, হাসুয়া নিয়ে জোরপূর্বক বেআইনীভাবে তার বসবাসরত বসত ভিটা বাড়িতে প্রবেশ করে।
অভিযোগে তিনি উল্লেখ করেন, ১নং বিবাদী একই গ্রামের মৃত শটকার ছেলে মকবুল হোসেন এর হুকুমে সকল বিবাদী তার ঘরবাড়ি ভাঙতে থাকে এবং ঘরে স্টিলের বাক্সে রাখা ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা ও সোনার অলংকার লুটপাট করে নিয়ে যায়। এ সময় বিবাদীদের অন্যায় কাজে বাধা দিতে গেলে ভিকটিম মোছাঃ ফাতেমা বেগম (বাদীর স্ত্রী) কে মারপিট ও পরনের কাপড় ধরে টানাহেঁচড়া করে শ্লীলতাহানী ঘটায় বলে অভিযোগে বলা হয়। একইভাবে মেয়ে পারভীন বেগম ও অন্যান্য স্বাক্ষীদের মারপিট ও শ্লীলতাহানী করা হয়।
ভুক্তভোগীর দাবি, বিবাদীরা বাড়িঘর ভাঙচুর করে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদান করে এবং বলে “আজ হলেও বাড়ি দখল করবো, কাল হলেও বাড়ি দখল করবো এবং বাড়িতে আগুন দিয়ে সকলকে পুড়িয়ে এবং একাকী বা সুযোগ মত পাইলে মারিয়া ফেলিবে” মর্মে হুমকি দেয়। এতে তার আনুমানিক ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকার ক্ষতি হয়েছে। অভিযোগে জমির তফসিল হিসেবে উল্লেখ করা হয়: জেলা- দিনাজপুর, উপজেলা- ফুলবাড়ী, মৌজা- দৌলতপুর, জে.এল.নং- ৭২, খতিয়ান নং- এস.এ, দাগ নং- এস.এ- ৪৬০৮, রকম- বাস্তু, পরিমান- ৪৮ শতকের মধ্যে ০৪ শতক।
এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জের কাছে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আবেদন জানিয়েছেন ভুক্তভোগী।
