নাসিক প্রশাসকের কাছে লক্ষ্মীনারায়ণ কটন মিলস মন্দিরের সমস্যার স্থায়ী সমাধান দাবি
প্রেসনিউজ২৪ডটকমঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শ্রীশ্রী লক্ষ্মীনারায়ণ কটন মিলস দুর্গামন্দিরের নিরাপত্তা, প্রবেশাধিকার ও পরিচালনাসংক্রান্ত সমস্যার স্থায়ী সমাধান চেয়ে সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের কাছে আবেদন জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু ফোরাম। রোববার (২৫ অক্টোবর) সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও নারায়ণগঞ্জ সম্মিলিত সনাতন পরিষদের আহ্বায়ক মানিক চন্দ্র সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আবেদনে বলা হয়, দীর্ঘদিন ধরে ঐতিহাসিক এ মন্দিরে শারদীয় দুর্গোৎসবসহ বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান পালিত হয়ে আসছে। স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতির সঙ্গে মন্দিরটি গভীরভাবে সম্পৃক্ত। সম্প্রতি প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে গেটের চাবি হস্তান্তরের মাধ্যমে মন্দির পরিচালনায় সহযোগিতা করায় সাখাওয়াত হোসেন খানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে সংগঠনটি।
তবে আবেদনে উল্লেখ করা হয়, চাবি হস্তান্তরের মাধ্যমে তাৎক্ষণিক সমাধান হলেও মন্দিরের সার্বিক নিরাপত্তা, প্রবেশাধিকার ও সুষ্ঠু পরিচালনার জন্য স্থায়ী ব্যবস্থা প্রয়োজন। ভবিষ্যতে পূজা-পার্বণসহ সব ধর্মীয় কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনা নিশ্চিত করতে বিষয়টির গ্রহণযোগ্য সমাধান জরুরি। এ লক্ষ্যে স্থানীয় প্রশাসন, সংশ্লিষ্ট মিল কর্তৃপক্ষ, মন্দির পরিচালনার সঙ্গে যুক্ত প্রতিনিধি ও সনাতন ধর্মীয় সংগঠনগুলোর সমন্বয়ে একটি যৌথ বৈঠক আয়োজনের দাবি জানিয়েছে হিন্দু ফোরাম।
আলোচনার মাধ্যমে সমস্যার স্থায়ী, শান্তিপূর্ণ ও আইনানুগ সমাধানে সিটি করপোরেশনের প্রশাসকের কার্যকর উদ্যোগ চেয়েছে সংগঠনটি।
