প্রেসনিউজ২৪ডটকমঃ দিনাজপুর জেলা প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের দক্ষিণ সুজাপুর বউ মেলার পার্শ্ববর্তী এলাকায় জমিতে বিষ প্রয়োগ করায় খামারির প্রায় অর্ধশত হাঁস মারা গেছে। এবিষয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত খামারি। দক্ষিণ সুজাপুর গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে মোঃ মোক্তারুল হক খান এর থানায় দায়ের কৃত অভিযোগ সূত্রে জানা যায় বিবাদী সাজু ফকির তার জমিতে বিষ প্রয়োগ করেছে কিন্তু বিষয়টি স্থানীয় কেউ জানেন না।
বিষয়টি না জানার কারণে মোক্তারুল হক খান তার খামারের হাঁস গুলো পানি খাওয়ার জন্য ছেড়ে দেন। হাঁস গুলো সাজু ফকিরের জমিতে পানি খাওয়ার পর ছটফট করতে থাকে এবং সেখানে মোট ৪৫ হাঁস মারা যায়। এই ঘটনায় খামারি মুক্তারুল হক খান এর প্রায় ৩০ হাজার টাকার ক্ষতি হয়েছে। তিনি অভিযোগে আরো বলেন সাজু ফকির ইতিপূর্বেও কাউকে না জানিয়ে তার জমিতে বিষ প্রয়োগ করায় অনেকের হাঁস-মুরগি মারা গিয়েছে।
এ বিষয়ে তিনি ক্ষতিপূরণ সহ বিবাদীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সহযোগিতা কামনা করেছেন।





