মহেশপুরে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল-গুলি ও মাদক উদ্ধার চোরাকারবারিরা ধরাছোয়ার বাইরে

0
মহেশপুরে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল-গুলি ও মাদক উদ্ধার চোরাকারবারিরা ধরাছোয়ার বাইরে

প্রেসনিউজ২৪ডটকমঃ মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ঃ ​ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকায় ৫৮ বিজিবি’র সদস্যরা অভিযান চালিয়ে দু’টি বিদেশি পিস্তল,৪টি ম্যাগাজিন, ৬ রাউন্ড গুলি ও ভারতীয় মাদক এসকাফ সিরাপ উদ্ধার করেছে। শনিবার ভোরে মহেশপুর ৫৮ বিজিবি’র অধীনস্থ সামন্তা ক্যাম্পের একটি বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে।

তবে বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে চোরাকারবারিরা ভারতের অভ্যন্তরে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান বিজিবি।​বিজিবি সূত্রে জানা গেছে, ভোর ৪ টা ৪০ মিনিটের দিকে সামন্তা বিজিবি ক্যাম্পের সুবেদার ওমর আলীর নেতৃত্বে বিজিবি’র একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করছিল।

এ সময় সীমান্ত পিলার ৫৭/১-এস থেকে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মহেশপুর উপজেলার বেলেহাটি গ্রামের মোনতাজ আলীর পুকুরের উত্তর পাড়ের জঙ্গলের মধ্যে দু’জন অজ্ঞাত পরিচয় চোরাকারবারিকে দেখতে পায় টহল দলের সদস্যরা। ​টহল দলটির সদস্যরা চ্যালেঞ্জ করলে চোরাকারবারিরা তাদের সঙ্গে থাকা একটি সাদা প্লাস্টিকের বাজারের ব্যাগ ফেলে দৌড়ে শূন্য লাইন অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। ​পরবর্তীতে বিজিবি সদস্যরা ঘটনাস্থল থেকে পরিত্যক্ত ব্যাগটি উদ্ধার করেন।

ব্যাগটি তল্লাশি করে ভেতরে একটি কার্টুনের মধ্যে থেকে ইতালির তৈরি ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন, ৬ রাউন্ড গুলি এবং ২৪ বোতল ভারতীয় এসকাফ সিরাপ জব্দ করা হয়। ​মহেশপুর ৫৮ বিজিবি’র সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং মাদকদ্রব্য মহেশপুর থানায় হস্তার করা হয়েছে।

এ বিষয়ে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতিও চলছে বলে জানান তিনি। তিনি আরো জানান, সীমান্তে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির এই কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here