প্রেসনিউজ২৪ডটকমঃ সরকারের তিন সচিব পদে রদবদল করা হয়েছে। এর মধ্যে ১১ দিন আগে কৃষি মন্ত্রণালয় থেকে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগে বদলি হওয়া চুক্তিভিত্তিক সচিব রফিকুল আই মোহাম্মদকে আবারও বদলি করা হয়েছে। এবার তাকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাৎ শওকত রশীদ চৌধুরীকে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) পদে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান এ জে এম সালাহউদ্দিন নাগরীকে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব করা হয়েছে। এর আগে গত ১০ আগস্ট কৃষি মন্ত্রণালয় ও রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগে সচিব পদে পরিবর্তন আনা হয়েছিল।
ওই সময় চুক্তিভিত্তিতে নিয়োজিত কৃষি মন্ত্রণালয়ের সচিব রফিকুল আই মোহাম্মদকে রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সচিব করা হয়। একই দিনে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সেলিম খানকে সচিব পদে পদোন্নতি দিয়ে ওই মন্ত্রণালয়ের সচিব করা হয়। পাশাপাশি রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের তৎকালীন সচিব খান মো. নূরুল আমীনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছিল।
নতুন এই রদবদলের ফলে রাষ্ট্রপতির কার্যালয়, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ এবং ভূমি সংস্কার বোর্ডের শীর্ষ প্রশাসনিক পদে পরিবর্তন এলো।





