স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বাছাই কিভাবে নির্দেশনা দিলেন : তারেক রহমান

0
স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বাছাই কিভাবে নির্দেশনা দিলেন : তারেক রহমান

প্রেসনিউজ২৪ডটকমঃ স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রতিটি স্তরে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে থাকার আহ্বান জানিয়েছেন। গতকাল শনিবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে এসব নির্দেশনা দেন তারেক রহমান।

 দলের চেয়ারম্যান রংপুর বিভাগের নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা ও লালমনিরহাট জেলা এবং পরে রংপুর জেলা ও মহানগরের দলীয় নেতাদের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করেন। এর আগে ১৮ জুলাই রংপুর বিভাগের অন্য তিন জেলা দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলার তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠক করেছিলেন তিনি। গতকালের বৈঠকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

পর্যায়ক্রমে অন্যান্য জেলার নেতাদের সঙ্গেও বিএনপি চেয়ারম্যানের বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠক সূত্রে জানা গেছে, তারেক রহমান যোগ্য প্রার্থী বাছাইয়ের ওপর গুরুত্ব আরোপ করেন।  জনপ্রিয়তাকেই প্রধান মাপকাঠি করার নির্দেশ দিয়েছেন। ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ে থানা-উপজেলা নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে। কোনো সমস্যা হলে জেলা পর্যায়ের নেতারা সমাধানের চেষ্টা করবেন। তারা ব্যর্থ হলে বিভাগীয় নেতারা চেষ্টা করবেন। তারাও ব্যর্থ হলে কেন্দ্র থেকে প্রার্থী চূড়ান্ত করা হবে।

বিএনপির রংপুর বিভাগীয় একজন নেতা বলেন, এটি মূলত একটি সাংগঠনিক আলোচনা সভা ছিল। মাঠ পর্যায়ের বিভিন্ন দিক ও সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে দলীয় কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা– এ প্রসঙ্গে তিনি জানান, স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে অংশগ্রহণ করবেন না এবং নির্বাচনে তাদের দলীয় কোনো প্রতীক থাকবে না। তবে স্থানীয়ভাবে নেতারা যদি একক কোনো প্রার্থী দিতে পারেন, তবে দলগতভাবে তাকেই সমর্থন দেওয়া হবে।

 গত জাতীয় নির্বাচনে অর্ধশতাধিক আসনে দলের নেতারা ‘বিদ্রোহী প্রার্থী’ হওয়ায় তৃণমূলের অনেক জায়গায় কোন্দল ও বিভক্তি দেখা দিয়েছিল। সেই অভিজ্ঞতার আলোকেই এবার তারেক রহমান নেতাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। তিনি স্পষ্ট করে দিয়েছেন, দলীয় প্রতীক না থাকলেও স্থানীয় নির্বাচনে প্রার্থীদের বিষয়ে দলের সিদ্ধান্ত যেন সামষ্টিক হয় এবং একক প্রার্থীর পক্ষে সবাই একযোগে কাজ করেন।

তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত ঝুলে থাকা সাংগঠনিক প্রক্রিয়া সম্পন্ন করে দলে নতুন গতি সঞ্চার করা। তড়িঘড়ি করে কমিটি গঠন করতে গিয়ে যাতে কোনো বিতর্কিত বা অন্য দলের অনুপ্রবেশকারী স্থান না পায়, তা নিশ্চিত করা। মাঠ পর্যায়ে তুলনামূলক তরুণ, সক্রিয় ও ত্যাগী নেতাদের গুরুত্বপূর্ণ নেতৃত্বে নিয়ে আসতে দায়িত্বশীল নেতাদের নির্দেশনা দিয়েছেন বলেও বৈঠক সূত্রে জানা গেছে। লালমনিরহাট জেলা বিএনপির একজন নেতা বলেন, সাংগঠনিক ব্যবস্থা জোরদার করতে নির্দেশনা দেওয়া হয়েছে। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপি চেয়ারম্যানের সঙ্গে আলোচনা হয়েছে। স্থানীয় সরকার নির্বাচনে তৃণমূল থেকেই প্রার্থী নির্বাচন করা হবে।

এ ছাড়া সবাইকে ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। কেন্দ্র থেকে কোনো চাপ দেওয়া হবে না। গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ডা. মঈনুল হাসান সাদিক বলেন, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে স্থানীয় পর্যায়ের সব ধরনের কোন্দল ও ভেদাভেদ দূর করার নির্দেশনা দিয়েছেন দলের চেয়ারম্যান। সবাইকে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন তিনি।  সাদিক আরও বলেন, দল ও সরকার যাতে কোনো প্রশ্নের মুখে না পড়ে, সেজন্য এখন থেকেই কাজ করার জন্য বলেছেন তারেক রহমান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, এটি একটি ধারাবাহিক বৈঠক। তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী রাখতেই এ মতবিনিময় সভা করছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, সভায় প্রধানমন্ত্রী তৃণমূল পর্যায়ে সংগঠনের খোঁজখবর নিচ্ছেন এবং প্রয়োজনীয় নির্দেশনাও দিচ্ছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সরকারের বিভিন্ন সংস্থা, বোর্ড ও করপোরেশনের নবনিযুক্ত চুক্তিভিত্তিক কর্মকর্তারা।

গতকাল রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ কথা জানান। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here