চিকিৎসায় অবহেলা অনিয়মের অভিযোগে আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

0
চিকিৎসায় অবহেলা অনিয়মের অভিযোগে আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

প্রেসনিউজ২৪ডটকমঃ চিকিৎসায় অবহেলায় ছয় শিশুর মৃত্যুকে কেন্দ্র করে অনিয়মের অভিযোগে আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে সরকার। বৃহস্পতিবার (১১ জুন) বিকেল সাড়ে ৩টায় স্বাস্থ্য অধিদফতরের আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।মহাপরিচালক জানান, আদ্-দ্বীন হাসপাতালকে শোকজ করা হয়েছিল। তাদের জবাব সন্তোষজনক নয়, তাই তাদের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত হয়েছে।

এর আগে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল আদ্-দ্বীন হাসপাতালের দেওয়া জবাব নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের পাঠানো জবাব তিনি পর্যালোচনা করেছেন। তবে প্রয়োজনীয় তথ্যের পাশাপাশি সেখানে নানা অপ্রাসঙ্গিক বিষয়ও উল্লেখ করা হয়েছে, যা মন্ত্রণালয়ের কাছে গ্রহণযোগ্য নয়।মন্ত্রী আরও বলেন, এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নির্ধারণে আগামীকাল বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠকের পর কী ব্যবস্থা নেওয়া হবে, তা জানানো হবে। তাঁর ভাষায়, ‘মোটকথা, আদ্-দ্বীন হাসপাতালের জবাবে আমি সন্তুষ্ট নই।’ উল্লেখ্য, গত ২৭ মে রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালে সকাল ৬টা থেকে ৯টার মধ্যে ছয় নবজাতকের মৃত্যু হয়। ঘটনাটির প্রকৃত কারণ অনুসন্ধানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করে।
এ ঘটনার পর হাসপাতালটির লাইসেন্স কেন বাতিল করা হবে না, সে বিষয়ে ব্যাখ্যা দিতে প্রতিষ্ঠানটির মালিক শেখ মহিউদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের পক্ষে জারি করা ওই নোটিশে তাঁকে জবাব দেওয়ার জন্য ৭২ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়। নির্ধারিত সময় অনুযায়ী, ৭ জুন বিকেল ৫টার মধ্যে তাঁকে এ বিষয়ে লিখিত ব্যাখ্যা জমা দিতে বলা হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here