ইউনূসের বিশেষ সহকারী তৈয়্যবের বিরুদ্ধে মামলার সুপারিশ

0
ইউনূসের বিশেষ সহকারী তৈয়্যবের বিরুদ্ধে মামলার সুপারিশ

প্রেসনিউজ২৪ডটকমঃ বিটিসিএলের ফাইভ-জি প্রকল্পে ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের অভিযোগে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের বিরুদ্ধে মামলা করার সুপারিশ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের পাঁচ সদস্যের অনুসন্ধানকারী দলের প্রস্তুত করা প্রতিবেদনে তার বিরুদ্ধে ব্যাপক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও তদন্ত কাজে হস্তক্ষেপের অভিযোগের প্রমাণ পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রতিবেদনটি ইতোমধ্যে কমিশনের দপ্তরে জমা দেওয়া হয়েছে এবং নতুন কমিশন গঠনের পর এটি চূড়ান্ত সিদ্ধান্তের জন্য উপস্থাপন করা হবে। প্রকল্পটি ছিল ‘ফাইভজি উপযোগীকরণে বিটিসিএলের অপটিক্যাল ফাইবার ট্রান্সমিশন নেটওয়ার্ক উন্নয়ন’। এটি প্রথমে আগের সরকারের সময়ে শুরু হলেও পরে দুর্নীতির অভিযোগে স্থগিত হয়। পরবর্তীতে বিভিন্ন পর্যায়ে প্রকল্পটি ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়।

দুদকের প্রতিবেদনে বলা হয়েছে, প্রকল্পের শর্ত অনুযায়ী ফ্যাক্টরি ফিজিক্যাল প্রি-অ্যাকসেপ্টেন্স টেস্ট সম্পন্ন না করেই জাহাজীকরণ ও অর্থ পরিশোধের প্রক্রিয়া এগিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। এ সময় পূর্বে বাতিল হওয়া আদেশ পুনরায় চালুর প্রস্তাবও দেওয়া হয়, যেখানে দুর্নীতির অভিযোগ ও চলমান তদন্তের বিষয় গোপন রাখা হয় বলে অভিযোগ রয়েছে। এছাড়া তদন্ত চলমান থাকা অবস্থায় দুদকের কার্যক্রমে প্রভাব বিস্তার ও প্রকল্প এগিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয় বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

একাধিক চিঠি ও সরাসরি যোগাযোগের মাধ্যমে দুদকের অবস্থান পরিবর্তনের চেষ্টা করা হয়েছিল বলেও দাবি করা হয়েছে।দুদকের ভাষ্য অনুযায়ী, এসব কার্যক্রমের মাধ্যমে চুক্তির শর্ত লঙ্ঘন, ক্ষমতার অপব্যবহার এবং সরকারি প্রক্রিয়ায় অনিয়মের ঘটনা ঘটেছে বলে প্রতীয়মান হয় প্রতিবেদনে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট প্রকল্পের সঙ্গে যুক্ত একটি বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে স্বার্থের সংঘাতের বিষয়ও উঠে এসেছে, যা তদন্তে বিবেচনায় নেওয়া হয়েছে।

সবশেষে দণ্ডবিধি ১৮৬০-এর ৪০৯, ৪২০ ও ৫১১ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫(২) ধারায় তার বিরুদ্ধে মামলা রুজুর সুপারিশ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here