সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রথম দিনের ভোটগ্রহণ সম্পন্ন

0
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রথম দিনের ভোটগ্রহণ সম্পন্ন

প্রেসনিউজ২৪ডটকমঃ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন) ২০২৬–২৭ সেশনের কার্যনির্বাহী কমিটি নির্বাচনের প্রথম দিনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বুধবার (১৩ মে) সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে। একইভাবে আগামীকাল বৃহস্পতিবার (১৪ মে) দ্বিতীয় দিনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

দু’দিনব্যাপী এই নির্বাচনের প্রথম দিনে মোট ১ হাজার ৭৭১ জন আইনজীবী ভোট দিয়েছেন। এবারের নির্বাচনে মোট ১১ হাজার ৯৭ জন আইনজীবী ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। সেই হিসেবে প্রথম দিনে ভোট পড়ার হার দাঁড়িয়েছে ১৫ দশমিক ৯৬ শতাংশ। ভোটের পরিবেশকে কেন্দ্র করে জানা গেছে, আওয়ামী সমর্থকদের অংশগ্রহণ ছাড়া এবার ভোট গ্রহণ তুলনামূলকভাবে অনেকটাই নিরুত্তাপ, এবং অন্যান্য বছরের তুলনায় ভোটার উপস্থিতি ও ভোটদানের হারও কম।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সভাপতি ও সম্পাদকসহ মোট ১৪টি পদের বিপরীতে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪০ জন প্রার্থী। নির্বাচন পরিচালনার দায়িত্বে রয়েছে অবসরপ্রাপ্ত বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরীর নেতৃত্বাধীন নির্বাচন পরিচালনা উপকমিটি। ভোটগ্রহণ শেষে আগামীকাল রাতে গণনা শুরু হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এবারের নির্বাচনে তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এগুলো হলো বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল (নীল প্যানেল), জামায়াতে ইসলামী সমর্থিত আইনজীবী ঐক্য প্যানেল (সবুজ প্যানেল) এবং এনসিপি সমর্থিত লাল–সবুজ প্যানেল।
তবে সন্ত্রাসবিরোধী আইনের আওতায় দলীয় কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামীপন্থী আইনজীবীরা এবারের বার নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ পাননি। সমিতির বিশেষ সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী, তাদের মনোনয়নপত্র গ্রহণ করা হয়নি এবং জমা দেওয়া মনোনয়নও বাতিল করা হয়।
বিএনপি সমর্থিত নীল প্যানেল থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন (সংসদ সদস্য)। এই প্যানেল থেকে দুটি সহ-সভাপতি পদে লড়ছেন মো. মাগফুর রহমান শেখ ও মো. শাহজাহান। সম্পাদক পদে মোহাম্মদ আলী, কোষাধ্যক্ষ পদে মো. জিয়াউর রহমান, দুটি সহ-সম্পাদক পদে মাকসুদ উল্লাহ ও মোহাম্মদ শামসুল ইসলাম মুকুল প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এছাড়া সাতটি সদস্য পদে নীল প্যানেলের প্রার্থীরা হলেন এ কে এম আজাদ হোসেন, এইচ এম সানজিদ সিদ্দিকী, মো. কবির হোসেন, মো. টিপু সুলতান, মো. জিয়া উদ্দিন মিয়া, রিপন কুমার বড়ুয়া এবং ওয়াহিদ আফরোজ চৌধুরী।
অন্যদিকে জামায়াতে ইসলামী সমর্থিত সবুজ প্যানেল থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আবদুল বাতেন। এই প্যানেলে সহ-সভাপতি দুটি পদে আছেন আব্দুল হক ও মইনুদ্দিন ফারুকী। সম্পাদক পদে রয়েছেন এ কে এম রেজাউল করিম খন্দকার, কোষাধ্যক্ষ পদে এস এম জাহাঙ্গীর আলম, দুটি সহ-সম্পাদক পদে মো. তারিকুল ইসলাম ও যোবায়ের আহমদ ভূঁইয়া প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সবুজ প্যানেলের সাতটি সদস্য পদে প্রার্থীরা হলেন আজিম উদ্দিন পাটোয়ারী, ফারজানা খানম, ইসরাত জাহান অনি, মো. ফয়েজউল্লাহ, মো. জুবায়ের টিটু, মাহমুদুল হাসান ও মোহাম্মদ নঈম উদ্দিন লিংকন।
এদিকে এনসিপি সমর্থিত লাল–সবুজ প্যানেল থেকে সভাপতি পদে কোনো প্রার্থী দেওয়া হয়নি। তবে এই প্যানেল থেকে সম্পাদক পদে আজমল হোসেন বাচ্চু, একটি সহ-সম্পাদক পদে মোস্তফা আসগর শরীফী এবং সদস্য পদে আমিনা আক্তার লাভলী, কাজী আকবর আলী, মো. বনি আমিন ও মাজহারুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এছাড়া দলীয় প্যানেলের বাইরে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিচ্ছেন সভাপতি পদে ইউনুছ আলী আকন্দ, সম্পাদক পদে ফরহাদ উদ্দিন ভূঁইয়া, মো. আবু ইয়াহিয়া দুলাল, মো. ওমর ফারুক, মোহাম্মদ আশরাফ উজ জামান খান এবং সদস্য পদে মো. জোবায়ের তায়েব ও তপন কুমার দাস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here