দীর্ঘ ১০ বছর পর আলোচিত তনু হত্যা মামলায় সন্দেহভাজনকে গ্রেপ্তার

0
দীর্ঘ ১০ বছর পর আলোচিত তনু হত্যা মামলায় সন্দেহভাজনকে গ্রেপ্তার

প্রেসনিউজ২৪ডটকমঃ দীর্ঘ ১০ বছর পর আলোচিত তনু হত্যা মামলায় প্রথমবারের মতো একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তি সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান। তাকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২২ এপ্রিল) বিকেলে কুমিল্লা সদর আমলী আদালত-১ এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোমিনুল হক এই রিমান্ডের আদেশ দেন। এর আগে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তাকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করে।

মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই ঢাকা জেলার পরিদর্শক তারিকুল ইসলাম জানান, হাফিজুর রহমানকে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয় এবং পরে কুমিল্লা আদালতে উপস্থাপন করা হয়। এর আগে চলতি মাসের ৬ এপ্রিল মামলার সপ্তম তদন্ত কর্মকর্তা তিনজন সন্দেহভাজনের ডিএনএ নমুনা ক্রস-ম্যাচ করার অনুমতি চেয়ে আদালতে আবেদন করেন।

ওই তিনজন হলেন সার্জেন্ট জাহিদ, ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান এবং সৈনিক শাহিনুল আলম। আদালত সূত্রে জানা যায়, আলোচিত এই মামলায় এখন পর্যন্ত প্রায় ৮০টি শুনানি অনুষ্ঠিত হয়েছে। গত এক দশকে চারটি তদন্ত সংস্থার অধীনে সাতজন তদন্ত কর্মকর্তা মামলার তদন্ত কার্যক্রম পরিচালনা করেছেন। শুনানির সময় নিহত তনুর বাবা-মা এবং ছোট ভাই রুবেল হোসেন আদালতে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১৬ সালে কুমিল্লা সেনানিবাস এলাকায় সোহাগী জাহান তনুর মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং দোষীদের শাস্তির দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চলতে থাকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here