দেশের বরেণ্য অভিনেতা ও নাট্যকার আতাউর রহমান আর নেই

0
দেশের বরেণ্য অভিনেতা ও নাট্যকার আতাউর রহমান আর নেই

প্রেসনিউজ২৪ডটকমঃ দেশের বরেণ্য অভিনেতা ও নাট্যকার আতাউর রহমান মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।সোমবার (১১ মে) দিনগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন,অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের সম্মানিত সদস্য এবং আমাদের প্রিয় সহকর্মী মঞ্চসারথি আতাউর রহমান কিছুক্ষণ আগে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। তার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি।জানা গেছে, আতাউর রহমানকে শেষ শ্রদ্ধা জানাতে তার মরদেহ মঙ্গলবার (১২ মে) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। এদিন বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত মরদেহ শহীদ বেদিতে রাখা হবে।

তার আগে বাদ জোহর মগবাজারের ইস্পাহানি সেঞ্চুরি অর্কেডে তার নিজ বাসভবনের সামনে খোলামাঠে আতাউর রহমানের জানাজা অনুষ্ঠিত হবে। শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে। পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার বাসায় পড়ে যাওয়ার পর আতাউর রহমানের শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে তাকে রাজধানীর গুলশানের একটি হাসপাতালে নেওয়া হয়।

সেখানে চিকিৎসকেরা জানান, তার আইসিইউ সাপোর্ট প্রয়োজন। তবে ওই হাসপাতালে তখন আইসিইউ সুবিধা না থাকায় ধানমন্ডির পপুলার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে ভর্তি করার পর তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে কিছুটা শারীরিক উন্নতি হলে লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়েছিল। কিন্তু অবস্থার অবনতি হলে রোববার (১০ মে) তাকে আবারও লাইফ সাপোর্টে নেওয়া হয়।বহুমাত্রিক পরিচয়ের অধিকারী আতাউর রহমান।

একাধারে অভিনেতা, মঞ্চনির্দেশক ও লেখক। ১৯৪১ সালের ১৮ জুন নোয়াখালীতে জন্ম নেওয়া এই সাংস্কৃতিক ব্যক্তিত্ব স্বাধীনতাযুদ্ধ-পরবর্তী মঞ্চনাট্য আন্দোলনের অন্যতম অগ্রদূত হিসেবে পরিচিত। আতাউর রহমানের নির্দেশিত মঞ্চনাটকের মধ্যে রয়েছে- দ্বিজেন্দ্রলাল রায় রচিত শাজাহান, স্যামুয়েল বেকেট রচিত ওয়েটিং ফর গোডো, আরভিন শ রচিত বিউরি দ্য ডেড, বার্থল্ড ব্রেচট রচিত গ্যালিলিও, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত রক্তকরবী।

তিনি স্বাধীনতা পুরস্কার, একুশে পদক, শহীদ মুনীর চৌধুরী পুরস্কারসহ অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here