গৌরীপুরে প্রধান শিক্ষকের অপসারণের দাবি,শিক্ষা অফিসে তালা !

0
গৌরীপুরে প্রধান শিক্ষকের অপসারণের দাবি,শিক্ষা অফিসে তালা !

প্রেসনিউজ২৪ডটকমঃ মো :মাহফুজুর রহমান, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :ময়মনসিংহের গৌরীপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামের অপসারণ ও নিয়োগ বাতিলের দাবিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় ঘেরাও করেছেন ক্ষুব্ধ অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা।সোমবার (১ জুন,২০২৬ ইং) সকালে ‘গৌরীপুরবাসী’ ব্যানার নিয়ে এই কর্মসূচি শুরু হয়।

একপর্যায়ে বিক্ষোভকারীরা শিক্ষা কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন। বিক্ষোভকারীদের অভিযোগ, প্রধান শিক্ষক শফিকুল ইসলাম সাবেক আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী নেতা ছিলেন। তিনি মাওহা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া ৭টি মামলার বাদী। এ ছাড়া জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনের সময় ছাত্র হত্যার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের হওয়া দুটি মামলারও আসামি তিনি।

অভিযোগে আরও বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের দিন যখন সারা দেশে সাধারণ ছুটি ও একধরনের অস্থিতিশীল পরিবেশ চলছিল, তখন তড়িঘড়ি করে মোটা অঙ্কের টাকা লেনদেনের মাধ্যমে শফিকুল ইসলামকে এই পদে নিয়োগ দেওয়া হয়। তৎকালীন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সদস্যরা এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিলেন।

এই নিয়োগ বাতিল চেয়ে বিদ্যালয়টির এক শিক্ষার্থীর অভিভাবক মো. মোস্তফা কামাল ইতিপূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং জেলা শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছিলেন। এর পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে জেলা শিক্ষা কর্মকর্তা ও ইউএনও উভয় পক্ষই ওই শিক্ষককে বরখাস্তের সুপারিশ করেছিলেন। কিন্তু বরখাস্ত না করে উল্টো গত মার্চ মাসে তাঁর এমপিও (মান্থলি পে-অর্ডার) অনুমোদন করা হয় এবং তিনি বর্তমানে নিয়মিত বেতন-ভাতাও তুলছেন।

আন্দোলনকারীদের একজন শহিদুল ইসলাম মিল্টন বলেন, এই বিতর্কিত শিক্ষকের এমপিও প্রাপ্তির খবর জানতে পেরেই আমরা শিক্ষা অফিস ঘেরাও করতে বাধ্য হয়েছি। তাঁকে চূড়ান্তভাবে অপসারণ ও নিয়োগ বাতিল না করা পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। যোগাযোগ করা হলে গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফিয়া আমীন পাপ্পা বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত।

সরকারি দপ্তরের কাজের সুষ্ঠু পরিবেশ বজায় রাখা জরুরি। বিষয়টি যেহেতু এখনো চূড়ান্ত আইনি প্রক্রিয়ায় সমাধান হয়নি, তাই আন্দোলনকারীদের দেওয়া স্মারকলিপিটি দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। অধিকতর তদন্ত সাপেক্ষে এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here