ফুলবাড়ীতে মাদক বিক্রেতা লাবু-অহেদুলের হামলায় আহতদের সংবাদ সম্মেলন, বিচারের দাবি

0
ফুলবাড়ীতে মাদক বিক্রেতা লাবু-অহেদুলের হামলায় আহতদের সংবাদ সম্মেলন, বিচারের দাবি

প্রেসনিউজ২৪ডটকমঃ দিনাজপুরের ফুলবাড়ীতে মাদক ব্যবসায় বাধা দেয়ার জেরে পথরোধ করে জামাই শাশুড়িসহ ৪জনকে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে। এ ঘটনায় থানায় মামলা হলে একজন গ্রেফতার হলেও অন্যান্য আসামিরা ধরা ছোঁয়ার বাইরে থাকায় তাদের গ্রেফতার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীরা।

সোমবার বেলা ১১টায় পৌর শহরের উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মারধরের শিকার জামাই মেহেদী হাসান হিরা। লিখিত বক্তব্যে তিনি বলেন, পৌর এলাকার উত্তর সুজাপুর ও শিবনগর ইউনিয়নের আদর্শ কলেজ পাড়া এলাকাটি মাদকে জর্জরিত। এখানে দীর্ঘদিন থেকে বুদু মিয়ার ছেলে অহেদুল ইসলাম (৩০) প্রকাশ্যে মাদকের রমরমা ব্যবসা করে আসছে। সম্প্রতি তিনি ছোট ছোট বাচ্চাদের দ্বারা মাদক ব্যবসা পরিচালনা শুরু করলে আমার শাশুড়ি মোছা. নারগিস বেগম এর প্রতিবাদ করেন।

এরই জেরে গত ১০ সেপ্টেম্বর সন্ধ্যায় আদর্শ কলেজপাড়ায় মসজিদের পাশে উক্ত অহেদুল সহ একই এলাকার আজিজুল হকের ছেলে লাবু মিয়া (২৮), জামান (৩৫) ও বুদু মিয়ার ছেলে অবাইদুল (২৬) পথরোধ করে আমার শাশুড়ি নারগিজ বেগম, খালা শাশুড়ি লাভলি বেগম, আমার স্ত্রী ভাবনা আক্তারকে এলোপাথারি মারধর করে। তাদেরকে উদ্ধার করতে গেলে আমাকেও লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে আমার ঘাড়ে, কপালে ও মাথায় আঘাত করে রক্তাক্ত জখম ও হাড় ভেঙে দেয়।

পরে আমাদের চিৎকারে এলাকাবাসী এসে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে আমাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। দীর্ঘ কয়েকদিন চিকিৎসা শেষে সুস্থ হই। পরে আমার শাশুড়ি নারগিজ বেগম বাদি হয়ে থানায় তাদের বিরুদ্ধে মামলা করলে কুখ্যাত মাদক বিক্রেতা অহেদুল গ্রেফতার হয়।এদিকে অন্যান্য আসামিরা গ্রেফতার না হওয়ায় প্রতিনিয়তই হুমকি ধামকি ও ভয়ভীতি প্রদান করছেন। যে কোন সময় আমাদেরকে মাদক দিয়ে জেলের ভাত খাওয়াবে বলে হুমকি দিচ্ছেন।

তিনি বলেন, মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আজ আমরা নির্যাতিত। আমরা এর উপযুক্ত বিচার ও নিরাপত্তা চাই। এসময় উপস্থিত ছিলেন মারধরের শিকার নারগিজ বেগম, লাভলী বেগম ও ভাবনা আক্তার সহ পরিবারের লোকজন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here