প্রেসনিউজ২৪ডটকমঃ ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে পৈত্রিক সূত্রে পাওয়া পুকুর থেকে জোরপূর্বক মাছ শিকার ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন এক গৃহবধূ। মঙ্গলবার রাতে আলাদীপুর ইউনিয়নের উত্তর বাসুদেবপুর গ্রামে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন আবু মোহাম্মদ দোহা সরকারের স্ত্রী মোছা. সালমা আক্তার।
লিখিত বক্তব্যে তিনি বলেন, বাসুদেবপুর মৌজার জেএল নং-৬৮, খতিয়ান নং-এস.এ-৪৩২, দাগ নং-২৮২৯ এর ১.০২ একর পুকুরটি তারা দীর্ঘদিন ধরে ভোগদখল করে মাছ চাষ করে আসছেন। কিন্তু একই এলাকার বাসুদেবপুর আবাসনের মোঃ জাকির, মোঃ রমজান আলী, মোঃ আরিফুল, মোঃ সুমন ও মোঃ রাসেল নামের ৫ ব্যক্তি প্রায়ই তার অনুপস্থিতিতে পুকুরে জাল দিয়ে মাছ ধরে নিয়ে যাচ্ছে।
বাধা দিতে গেলে তারা অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয় বলে অভিযোগ করেন সালমা আক্তার। তিনি আরও জানান, এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ইউনিয়ন তহসিলদারকে অভিযোগ দিলেও অভিযুক্তরা তা অমান্য করে মাছ ধরা অব্যাহত রেখেছে।
সর্বশেষ গত ২৫ আগস্ট ২০২৬ ভোর ৬টায় পুকুর থেকে মাছ ধরে নিয়ে যায় তারা। স্থানীয় প্রশাসন ও থানা পুলিশের কাছে বারবার অভিযোগ করেও প্রতিকার না পেয়ে তিনি উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ ও ন্যায় বিচার দাবি করেন।





