প্রেসনিউজ২৪ডটকমঃ তালতলী (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে ভূমিদস্যু জিয়া উদ্দিন মিলন চাপরাশি ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে জমি দখলের অপচেষ্টা ও ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২২ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার ছোটবগী ইউনিয়নের পূর্ব গাবতলী এলাকায় স্থানীয় শতাধিক নারী পুরুষ ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালনকালে এ অভিযোগ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন মোঃ নান্নু খান, জহিরুল ইসলাম লিটন, মোঃ নসা মিয়া, বিউটি বেগম, টিপু বয়াতী ও হাবিল ফকির প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার পূর্ব গাবতলী এলাকার ‘ভূমিদস্যু জিয়া উদ্দিন মিলন চাপরাশি ও তাঁর সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকার নিরীহ মানুষের পৈতৃক ও দখলীয় জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে আসছে।
এই অবৈধ কাজে তাঁদের প্রত্যক্ষভাবে মদদ দিচ্ছেন স্থানীয় ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বশির ব্যাপারী এবং ওয়ার্ড যুবলীগের সম্পাদক মো. রিপন চাপরাশি।’ বক্তারা আরও বলেন, ‘নিজেদের পৈতৃক সম্পত্তি রক্ষা করতে গিয়ে উল্টো তাঁরা মিথ্যা মামলা ও নানা মুখী হয়রানির শিকার হচ্ছেন।
মিলন চাপরাশি ও তাঁর সহযোগীদের অত্যাচার থেকে পৈতৃক ভিটেমাটি রক্ষা করা এবং দখলকৃত জমি দ্রুত ফেরত পাওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগীরা।





