প্রেসনিউজ২৪ডটকমঃ ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনের ঘটনা ঘটেছে। একদিকে জাতীয় নাগরিক পার্টি-এনসিপির জেলা ভারপ্রাপ্ত সদস্য সচিব ইমরান চৌধুরী নিশাদ, অন্যদিকে ভুক্তভোগী দাবি করা গৃহবধু জেবউন নেহার।
শনিবার বেলা ১১টায় উপজেলার রাঙামাটি ছোয়ানী এলাকায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেন জেবউন নেহার। এর আগে গত ১২ আগস্ট একই অভিযোগের বিষয়ে সংবাদ সম্মেলন করেন এনসিপি নেতা ইমরান চৌধুরী নিশাদ। জেবউন নেহারের লিখিত বক্তব্যে তিনি বলেন, মোমিনুল ইসলাম চৌধুরী, আব্দুল মাজেদ চৌধুরী ও মোজাহারুল ইসলাম চৌধুরী তার স্বামী রবিউল ইসলামের চাচাত ভাই।
আর এনসিপি নেতা ইমরান চৌধুরী নিশাদ তাদের ওয়ারিশ। গত ৬ আগস্ট রাঙামাটি মৌজার ১১৪৫ দাগের বিরোধপূর্ণ জমিতে তার অনুপস্থিতিতে টিনের দোকানঘর নির্মাণের চেষ্টা করা হয়। এ ঘটনায় দুইদিন পর তিনি ফুলবাড়ী থানায় লিখিত অভিযোগ করেন। স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থল পরিদর্শন করে সংবাদ প্রকাশ করলে বিবাদীরা ১২ আগস্ট সংবাদ সম্মেলন করে অভিযোগকে মিথ্যা ও অপপ্রচার বলে দাবি করেন।
তিনি আরও অভিযোগ করেন, ৫ আগস্টের পর থেকে ইমরান চৌধুরী নিশাদ দলের নাম ব্যবহার করে জমি দখলের তৎপরতা চালাচ্ছেন। বাধা দিলে তার বিল্ডিং ভেঙে দেওয়ার হুমকিও দেওয়া হয়। তিনি এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে দাবি জানান, দলের নাম ও পরিচয় ব্যবহার করে অনৈতিক প্রভাব বিস্তার করায় ইমরান চৌধুরী নিশাদের বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হোক।





