প্রেসনিউজ২৪ডটকমঃ মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলার নেপা ইউনিয়নের সেজিয়া বাজারে নির্মিত একটি ময়লার ডাস্টবিন ঘিরে ব্যাপক অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সামছুল আলমের বিরুদ্ধে।
স্থানীয়দের অভিযোগ, ২০২৫-২৬ অর্থবছরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ টি আর প্রকল্পের উন্নয়ন কর্মসূচির আওতায় সরকারিভাবে ১ লাখ ১০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হলেও বাস্তবে নিম্নমানের সামগ্রী দিয়ে দায়সারা কাজ করা হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রকল্পে ৩ কক্ষবিশিষ্ট ডাস্টবিন নির্মাণের কথা উল্লেখ থাকলেও বাস্তবে সেখানে এক কক্ষবিশিষ্ট একটি ছোট আকারের ডাস্টবিন নির্মাণ করা হয়েছে।
স্থানীয়দের দাবি, অত্যন্ত নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করে কোনো রকমে কাজ শেষ দেখিয়ে প্রকল্পের অর্থ আত্মসাৎ করা হয়েছে। এ ঘটনায় নেপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম মৃধার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, এই ডাস্টবিন নির্মাণে সর্বোচ্চ ৩০ থেকে ৪০ হাজার টাকা ব্যয় হতে পারে।
অথচ সেখানে দেখানো হয়েছে ১ লাখ ১০ হাজার টাকা, যা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তদন্ত করলেই ঠিক কত টাকা আত্নসাৎ করেছেন তা বোঝা যাবে। নেপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শামসুল আলম মৃধা বলেন, সিডিউল অনুযায়ী প্রল্পের কাজ সম্পন্ন হয়েছে। আমি কোন টাকা আত্নসাৎ করিনি।





