প্রেসনিউজ২৪ডটকমঃ মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ঃ ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় এলাকায় এক সন্তানের জননী গৃহবধূকে চেতনানাশক ঔষধ খাইয়ে অচেতন করে অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। ঈদ উপলক্ষে বাবার বাড়িতে বেড়াতে আসা আরিফা খাতুন (ছদ্মনাম) রোববার ( ৩১ মে) দিবাগত রাতে পূর্বপরিচিত ডালিম (২৫) ও তার সহযোগীদের দ্বারা এই ঘটনার শিকার হন বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগকারীরা পরিবারের সদস্যদের খাবারের সঙ্গে চেতনানাশক ঔষধ মিশিয়ে অচেতন করে আরিফাকে অপহরণ করে নিয়ে যান এবং সংঘবদ্ধ ভাবে ধর্ষণ করেন। পরদিন সকালে ভুক্তভোগীর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে প্রথমে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ধর্ষিতা নারীর বাবা আমির হোসেন বাদী হয়ে মঙ্গলবার (২ জুন) দুপুরে মহেশপুর থানায় মামলা দায়ের করেন। পুলিশ ইতোমধ্যে ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে। তবে প্রধান অভিযুক্ত ডালিম এখনও পলাতক রয়েছে।মহেশপুর থানার ওসি (তদন্ত) হেমায়েত উদ্দিন জানান, মামলা রেকর্ড করা হয়েছে এবং অভিযুক্তদের ধরতে পুলিশের অভিযান চলছে।





