প্রেসনিউজ২৪ডটকমঃ মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ঃ“সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য সামনে রেখে ঝিনাইদহের মহেশপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সকালে মহেশপুর পুরাতন পৌরসভা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মহপশপুর আদালত চত্বরে এসে শেষ হয়। উপজেলা লিগ্যাল এইড কমিটির মহেশপুর আদালতের সিনিয়র সিভিল জজ আয়েশা সিদ্দিকার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেন। আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সায়েম ইউসুফ, মহেশপুর আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওয়াজিদুর রহমান।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত এনায়েত হোসেন, সিনিয়র আইনজীবী আমিরুল ইসলাম খাঁন চুন্নু প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, দরিদ্র ও অসহায় মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে সরকারি ভাবে বিনামূল্যে আইনগত সহায়তা দেওয়া হচ্ছে। আদালত, জেলা কারাগারসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে এই কার্যক্রম সম্প্রসারণের ফলে দিন দিন সেবা গ্রহীতার সংখ্যা বাড়ছে।
লিগ্যাল এইড কমিটির পক্ষ থেকে জানানো হয়, আবেদন কারীর সংখ্যা বৃদ্ধি পাওয়া এ সেবার প্রতি মানুষের আস্থা ও প্রহণ যোগ্যতার প্রতিফলন। সকলের জন্য সমান ন্যায়বিচার নিশ্চিত করতে জনগণকে এ বিষয়ে আরও সচেতন হওয়ার আহ্বান জানান।





