প্রেসনিউজ২৪ডটকমঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেঙ্গারচর-এখলাশপুর সড়ক নির্মাণকাজে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা সরিয়ে নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। গতমঙ্গলবার (৩০ জুন) সকাল থেকে ফেসবুকে নির্মাণকাজে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগসংবলিত ছবি ও ভিডিও ভাইরাল হলে স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
বিষয়টি নজরে আসার পর ঠিকাদারি প্রতিষ্ঠান তাৎক্ষণিকভাবে ওই ইট অপসারণের উদ্যোগ নেয়। ঠিকাদারি প্রতিষ্ঠান নোনা ট্রেডার্স-এর স্বত্বাধিকারী তুহিন চৌধুরী বলেন, স্ট্রোকজনিত অসুস্থতার কারণে সরবরাহকারীদের সঙ্গে যোগাযোগে ঘাটতি থাকায় ভুলবশত নিম্নমানের কিছু ইট নির্মাণস্থলে চলে আসে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানতে পেরেই সেগুলো সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই এলজিইডির তদারকি নিয়ে প্রশ্ন তুলেছেন।
স্থানীয়দের দাবি, সরকারি অর্থে বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পে কোনোভাবেই নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা উচিত নয়। তারা নির্মাণকাজে কঠোর নজরদারি নিশ্চিত করারও দাবি জানিয়েছেন। তবে তুহিন চৌধুরী জানান, প্রায় ১৯ কোটি ৭৭ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন ছেঙ্গারচর-এখলাশপুর সড়কের অধিকাংশ কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। এ পর্যন্ত প্রকল্পের মূল কাজ নিয়ে স্থানীয়ভাবে কোনো অভিযোগ ওঠেনি।
মতলব উত্তর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী সোহেল আনোয়ার বলেন,এটি একটি অনাকাঙ্ক্ষিত ভুল। নির্মাণকাজে ব্যবহারের জন্য আনা নিম্নমানের ইটগুলো সরিয়ে নেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে আরও সতর্কতা অবলম্বন করা হবে। স্থানীয়দের দাবি, সরকারের কোটি টাকার উন্নয়ন প্রকল্পে কোনো ধরনের নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার যেন না হয়, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়মিত ও কার্যকর তদারকি নিশ্চিত করতে হবে।





