প্রেসনিউজ২৪ডটকমঃ চাঁদপুর(মতলব) প্রতিনিধি: চাঁদপুরের মতলব উত্তরে একটি পেট্রোল পাম্পে জ্বালানি নিতে আসা যানবাহনের দীর্ঘ সারিতে শৃঙ্খলা বজায় রাখতে গিয়ে এক সাবেক সচিবের রোষানলের শিকার হয়েছেন কর্তব্যরত এক পুলিশ কর্মকর্তা। প্রত্যক্ষদর্শীদের মতে, ওই সাবেক সচিবের শিক্ষা প্রতিষ্ঠানের একজন বাস ড্রাইভার নিয়ম অমান্য করে আগে জ্বালানি নিতে চাইলে পুলিশ বাধা দিলে এই অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (১১ এপ্রিল) বিকেলে মতলব উত্তর উপজেলার ঠেটালিয়া বেরীবাধ সংলগ্ন শাহ্ সোলেমান লেংটা ফিলিং স্টেশনে যানবাহনের প্রচণ্ড ভিড় ছিল। ফিলিং স্টেশনে বিশৃঙ্খলা এড়াতে সেখানে দায়িত্বে ছিলেন মতলব উত্তর থানা পুলিশের একটি টিম। এসময় কেএফটি কলেজিয়েট স্কুল এন্ড কলেজের একটি বাস নিয়ে ফিলিং স্টেশনে উপস্থিত হন বাস ড্রাইভার । তিনি সিরিয়াল ভেঙে সরাসরি পাম্পের নজলের সামনে গাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করেন।
সেখানে দায়িত্বরত পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো:ইউনুস তাকে বিনীতভাবে লাইনে আসার অনুরোধ জানালে ওই সাবেক সচিবের স্কুলের বাস ড্রাইভার সোহেল উত্তেজিত হয়ে পড়েন। তিনি সাবেক সচিবের পরিচয় দিয়ে দায়িত্বরত পুলিশ কর্মকর্তার সাথে উচ্চবাচ্য শুরু করেন এবং তাকে দেখে নেওয়ার হুমকি দেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার একটি ভিডিও ফুটেজে দেখা যায়, বাস ড্রাইভার সোহেল ওই পুলিশ কর্মকর্তাকে উদ্দেশ্য করে চরম অবমাননাকর মন্তব্য করছেন।
তিনি বারবার বলছিলেন, “তুমি জানো আমি কে? আমার সাথে কথা বলার সাহস পাও কোত্থেকে?” বিপরীতে ওই পুলিশ কর্মকর্তাকে অত্যন্ত ধৈর্যের সাথে বলতে শোনা যায়, “স্যার, সবাই লাইনে আছেন, আপনিও দয়া করে নিয়মটি মানুন।” ঘটনার বিবরণ দিতে গিয়ে শাহ সোলেমান লেংটা ফিলিং স্টেশনের ম্যানেজার আবদুল্লাহ আল মামুন বলেন, কেএফটির বাসটিতে এ পর্যায়ে তেল দিয়েছি আমরা। এরপরে তারা অতিরিক্ত তেল গ্রহণ করতে ৩ টি কন্টেইনার বোতল নিয়ে আসে।
ইতিমধ্যে বিপুল সংখ্যক মোটর চালিত যানবাহন তেল সংগ্রহের জন্য লাইনে দাঁড়িয়ে দীর্ঘ সময় অপেক্ষা করছিলো। লাইন ভেঙ্গে তারা কন্টেইনারে তেল নিতে হট্টগোল শুরু করলে আমরা পুলিশের সহযোগিতা চাই। এসময় কেএফটির বাস চালক পুলিশের সাথে তর্কে জড়িয়ে পরে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে লাইন অনুসরণের পরামর্শ দেন। এদিকে কেন সিরিয়াল ভেঙ্গে কেএফটি কলেজিয়েট স্কুল এন্ড কলেজের বাস ও তাদের অতিরিক্ত কন্টেইনারে জ্বালানি দেয়া হলো না তা নিয়ে পুলিশের সাব ইন্সপেক্টর (এসআই) ইউনুসের বিরুদ্ধে স্বরাষ্ট্র সচিব বরাবর অভিযোগ দিয়েছেন কলেজটির অধ্যক্ষ ও সাবেক সচিব জাকির হোসেন কামাল। এ বিষয়ে তিনি ঘটনা স্থলে ছিলেন না বলে স্বীকার করেছেন।
তবে তার দাবি কেএফটির দুই প্রভাষকের সাথে অসৌজন্যমূলক আচরণ করায় স্বরাষ্ট্র সচিব বরাবর তিনি লিখিত অভিযোগ প্রেরণ করেছেন। বিষয়টি সম্পর্কে এসআই ইউনুস বলেন, পেট্রোল পাম্পে সাম্প্রতিক জ্বালানি সংকটের করণে যানবাহনের অতিরিক্ত চাপ নিয়ন্ত্রণে উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়োজিত ছিলাম। এসময় কেএফটির একটি বাস চালক সিরিয়াল ব্রেক করে জ্বালানি নিতে চাইলে আমি তাদের সিরিয়াল মেনে জ্বালানি গ্রহণের পরামর্শ দিলে তারা উত্তেজিত হয়।
এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ কামরুল হাসান বলেন, সারাদেশের ন্যায় মতলবের শাহ সোলেমান লেংটা পেট্রোল পাম্পে জ্বালানি সংগ্রহের জন্য অতিরিক্ত যানবাহনের চাপ নিয়ন্ত্রণ ও বিশৃঙ্খলা এড়াতে পুলিশের এসআই ও তার সহযোগীরা সেদিন দায়িত্ব পালন করেছেন। তবে তার বিরুদ্ধে অভিযোগটি অতিরিক্ত পুলিশ সুপার মতলব সার্কেল তদন্ত করছে।





