ফুলবাড়ীতে চুরি যাওয়া মোটরসাইকেলসহ চোর আটক, তথ্য প্রযুক্তির সহায়তায় মিলল সন্ধান
প্রেসনিউজ২৪ডটকমঃ ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: ফুলবাড়ী থেকে চুরি যাওয়া মোটরসাইকেলসহ এক চোরকে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ। গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় চালানো বিশেষ অভিযানে তাকে দিনাজপুর সদর এলাকা থেকে আটক করা হয়।
পুলিশ জানায়, গত ১১ নভেম্বর ২০২৬ তারিখে সকাল ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে ফুলবাড়ী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ইস্তাব নগর দুলাল মার্কেটে হাসেম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে থেকে একটি টিভিএস অ্যাপাচি আরটিআর ১৬০ সিসি মোটরসাইকেল চুরি হয়। কালো রঙের মোটরসাইকেলটির মূল্য প্রায় ২ লাখ টাকা। এ ঘটনায় মোটরসাইকেলের মালিক মোঃ আয়নাল মিয়া (৩৬) বাদী হয়ে ফুলবাড়ী থানায় মামলা করেন। তিনি রংপুরের মিঠাপুকুর উপজেলার উচা বালুয়া গ্রামের বাসিন্দা। মামলাটি ফুলবাড়ী থানার এফআইআর নম্বর ১৫, তারিখ ১৫ নভেম্বর ২০২৬, ধারা ৩৭৯ পেনাল কোডে রুজু হয়।
মামলা রুজুর পর দিনাজপুরের পুলিশ সুপারের দিক নির্দেশনায় ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) ও এসআই এস.এম আশিকুর রহমানসহ একটি চৌকস দল বিশেষ অভিযানে নামে। অভিযানের এক পর্যায়ে গত ১৫ নভেম্বর রাত সাড়ে ৩টার দিকে দিনাজপুর কোতোয়ালী থানার ৭ নম্বর উত্তরাইল ইউনিয়নের ১ নম্বর নুনাইচ গ্রামে রুবেল মিয়ার মুরগির ফার্মের সামনে থেকে চোরকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম মোঃ লুৎফর রহমান ওরফে লতিফুর রহমান (৩২)। তার বাড়ি দিনাজপুর কোতোয়ালী থানার নুলাইবাড়ী (শেখপুরা) গ্রামে। তার হেফাজত থেকে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মোটরসাইকেলটি বর্তমানে থানা হেফাজতে রয়েছে। আটক আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম জানান, বিশেষ অভিযান পরিচালনা করে অল্প সময়ের মধ্যেই চোরকে মোটরসাইকেলসহ আটক করতে সক্ষম হয়েছি। ফুলবাড়ী থানা এলাকায় চুরি, মাদক, সন্ত্রাসী কার্যক্রমসহ যারা অরাজকতা সৃষ্টির চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে থানা পুলিশ কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।
