খাজাপুর একরামিয়া ফাযিল মাদ্রাসাকে নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
প্রেসনিউজ২৪ডটকমঃ ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের খাজাপুর একরামিয়া ফাযিল মাদ্রাসাকে নিয়ে গভীর ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। মাদ্রাসার মূল ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা লিখিত বক্তব্যে বলেন, মাদ্রাসার উন্নয়নের কান্ডারী অধ্যক্ষ হাফিজ মোঃ মাহবুবুর রহমানের বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অবাস্তব অভিযোগের তীব্র প্রতিবাদ জানাই। তারা বলেন, মাদ্রাসার কমিটি গঠনে বিশেষ মহলের প্রভাব বিস্তারের অসৎ পাঁয়তারা এলাকাবাসী মানবে না। প্রভাব বিস্তারে সুবিধা করতে না পারায় সম্মানিত অধ্যক্ষকে গালিগালাজকারীর প্রতি ধিক্কার ও কড়া প্রতিবাদ জানাই।
বক্তারা আরও বলেন, শিক্ষকের মাধ্যমে প্রতিষ্ঠানের শৃঙ্খলা ভঙ্গের উসকানিদাতাকে ধিক্কার জানাই। প্রতিষ্ঠান পরিচালনার বিধিবিধান অমান্য করার প্রতি বিশেষ উসকানিদাতাকেও এলাকাবাসীর ধিক্কার। মানববন্ধনে বলা হয়, মাদ্রাসার শিক্ষকগণ আমাদের শ্রদ্ধার পাত্র, আমাদের সন্তানের জীবন বিনির্মাণের তারা কারিগর, তাই তাদের আমরা শ্রদ্ধা করি। তবে তারা যদি পেশাগত আচরণ লঙ্ঘন করে কোনো বিশেষ মহলের ইশারায় প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন, তবে তার বিরুদ্ধে যে কোনো পদক্ষেপে অধ্যক্ষকে সহযোগিতা করতে এলাকাবাসী প্রস্তুত থাকবে।
সম্মানিত শিক্ষকদের প্রতি অনুরোধ জানিয়ে বক্তারা বলেন, আপনারা পেশাগত আচরণ ঠিক রেখে আপনাদের মহান দায়িত্ব পালন করবেন, তবেই আপনাদের প্রতি আমাদের সম্মান অটুট থাকবে। অধ্যক্ষের প্রতি অনুরোধ জানিয়ে তারা বলেন, আপনি একজন প্রতিষ্ঠাতার সন্তান, আপনার হাতে প্রতিষ্ঠানের উন্নয়নে যে ধারা শুরু হয়েছে তা অব্যাহত রাখতে আপনার সার্বিক প্রচেষ্টা চালিয়ে যাবেন এবং বিধি অনুযায়ী কমিটি গঠন করবেন। যে কোনো সমস্যায় আমাদের স্মরণ করবেন, আমরা আপনার আহ্বানে প্রতিষ্ঠানের স্বার্থে সর্বদাই পাশে থাকব ইনশাআল্লাহ।
