২২ নভেম্বর ২০২৬
সর্বশেষ

নির্ভীক ও নিরপেক্ষ সংবাদ, ২৪ ঘণ্টা

সর্বশেষ

নির্ভীক ও নিরপেক্ষ সংবাদ, ২৪ ঘণ্টা

জাতীয়

দেশজুড়ে চলছে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কাজ, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র

প্রেসনিউজ২৪ডটকমঃ সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে দেশজুড়ে পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম চলছে। এ কার্যক্রমের অংশ হিসেবে তথ্য সংগ্রহকারীরা শিগগিরই বাড়ি, ফ্ল্যাট ও ঘরে ঘরে গিয়ে পরিবারের সদস্যদের তথ্য সংগ্রহ করবেন। এ জন্য প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র আগে থেকেই প্রস্তুত রাখার আহ্বান জানিয়েছে সমাজসেবা অধিদপ্তর।সম্প্রতি অধিদপ্তরের তেজগাঁও সার্কেল কার্যালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্যামিলি কার্ড কর্মসূচি বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির এক নম্বর এবং সর্বোচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত কর্মসূচি।

প্রতিটি পরিবারকে শুমারির আওতায় আনার লক্ষ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সার্বিক ব্যবস্থাপনায় ২০২৬ সালের অক্টোবর থেকে দেশব্যাপী এ তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ কার্যক্রমের আওতায় তথ্য সংগ্রহকারীরা যেকোনো সময় সংশ্লিষ্ট বাড়িতে যেতে পারেন। তাই কয়েক ধরনের তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র হাতের কাছে রাখার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। প্রস্তুত রাখতে বলা হয়েছে, যে নারী সদস্যের নামে ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে, তার জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) কপি। এ ছাড়া পরিবারের অন্য সদস্যদের এনআইডি এবং যাদের এনআইডি নেই, তাদের জন্মনিবন্ধন সনদ রাখতে হবে। বিশেষ করে ১৮ বছরের কম বয়সী সদস্যদের জন্মনিবন্ধন সনদ প্রস্তুত রাখার কথা বলা হয়েছে।

পাশাপাশি কার্ডগ্রহীতা নারীর এনআইডি দিয়ে নিবন্ধিত মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) অ্যাকাউন্টের তথ্য, পরিবারের আয়-ব্যয়, সম্পদ ও সদস্যসংক্রান্ত সঠিক তথ্য দিতে হবে। বাড়ির ছবি ও কার্ডগ্রহীতা নারীর ছবিও প্রস্তুত রাখতে হবে। প্রয়োজনে নির্ধারিত ফরমে স্বাক্ষর অথবা টিপসই দেওয়ার প্রস্তুতি রাখার নির্দেশনা রয়েছে। বিজ্ঞপ্তিতে ফ্যামিলি কার্ড নিয়ে প্রতারণার বিষয়ে সতর্ক করা হয়েছে। এতে স্পষ্টভাবে জানানো হয়, ফ্যামিলি কার্ড সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে কেউ অর্থ দাবি করলে তাকে কোনো টাকা দেওয়া যাবে না ।

এ ছাড়া তথ্য সংগ্রহকারীদের সঠিক তথ্য দিয়ে সহযোগিতা এবং কোনো পরিবার যাতে শুমারি থেকে বাদ না পড়ে, সে বিষয়ে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।কর্মসূচি সম্পর্কে জনসচেতনতা তৈরিতে মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট এলাকার মসজিদের ইমাম, খতিব, প্রতিষ্ঠানপ্রধান ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করা হয়েছে। সমাজসেবা অফিসার ইনসান আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ফ্যামিলি কার্ড কর্মসূচির সফল বাস্তবায়নে জনসচেতনতা সৃষ্টি ও সহযোগিতা করা সবার সম্মিলিত দায়িত্ব।

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত