জমকালো আয়োজনে মাদিলাহাট ব্যবসায়ী সমিতির নতুন কমিটির শপথ গ্রহণ
প্রেসনিউজ২৪ডটকমঃ ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: ফুলবাড়ীর ঐতিহ্যবাহী মাদিলাহাট ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৬ নভেম্বর রাত ৮টায় মাদিলা বাজারে জমকালো আয়োজনে এ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুম বিল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌরসভার প্রশাসক এ এস এম শাহাদাত হোসেন, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাকিন, উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদা আকতার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ সানোয়ার হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা মাজহারুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুজ্জামান সরকার এবং জনস্বাস্থ্য কার্যালয়ের উপ সহকারী প্রকৌশলী সোহানুর রহমান সুমন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদিলাহাট ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত সভাপতি মোঃ আলাউদ্দিন মাস্টার। তিনি বলেন, মাদিলাহাটকে একটি আধুনিক হাট হিসেবে গড়ে তুলতে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো। বাজারে যেন কোনো সিন্ডিকেট তৈরি না হয়, সে ব্যাপারে আমরা সব সময় সজাগ থাকবো। হাট পরিচালনায় তিনি উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সার্বিক সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ আশরাফ পারভেজ।
