৩ নভেম্বর ২০২৬
সর্বশেষ

নির্ভীক ও নিরপেক্ষ সংবাদ, ২৪ ঘণ্টা

সর্বশেষ

নির্ভীক ও নিরপেক্ষ সংবাদ, ২৪ ঘণ্টা

জাতীয়

মজুরি বৃদ্ধি ভাতা বাস্তবায়নের দাবিতে ফের উত্তপ্ত সাভার-আশুলিয়া শিল্পাঞ্চল

প্রেসনিউজ২৪ডটকমঃ মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন ভাতা বাস্তবায়নের দাবিতে ফের উত্তপ্ত হয়ে উঠেছে সাভার-আশুলিয়া শিল্পাঞ্চল। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে কয়েকটি পোশাক কারখানায় কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। এসময় টঙ্গী, আশুলিয়ার আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন স্থানে অবরোধের চেষ্টা করলে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এদিকে শ্রমিক অসন্তোষের কারণে কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

সকালে শিল্পাঞ্চলের অধিকাংশ পোশাক কারখানায় শ্রমিকরা স্বাভাবিকভাবে কাজে যোগ দিলেও কয়েকটি কারখানায় অসন্তোষ দেখা দেয়। পরে শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি বিবেচনায় কয়েকটি কারখানার কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে। এরপর বিক্ষুব্ধ শ্রমিকরা বিভিন্ন কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন।একপর্যায়ে শ্রমিকরা টঙ্গী-আশুলিয়া-ইপিজেড আঞ্চলিক মহাসড়কের বাইপাইল-আব্দুল্লাহপুর অংশের বিভিন্ন স্থানে অবরোধের চেষ্টা করেন।

এ সময় সড়ক থেকে তাদের সরিয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এতে পুরো শিল্পাঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। শ্রমিক অসন্তোষের কারণে শিল্পাঞ্চলের উৎপাদন কার্যক্রম ও স্বাভাবিক কর্মপরিবেশ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন। এদিকে শ্রমিকদের জন্য মজুরি কমিশন গঠন করা হয়েছে, তাই এখন আর আন্দোলনের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

মঙ্গলবার সকালে সাভার উপজেলা পরিষদে গার্মেন্টস শিল্পের চলমান অস্থিরতা নিয়ে আয়োজিত এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী অভিযোগ করেন, একটি মহল ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। শ্রমিকদের আন্দোলনকে পুঁজি করে ওই মহল সফল হতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।অন্যদিকে, শ্রমিক বিক্ষোভকে কেন্দ্র করে সৃষ্ট ঘটনায় থানায় মামলা হয়েছে এবং অবৈধভাবে আন্দোলনের অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।

যেকোনো ধরনের বিশৃঙ্খলা মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে। সাভার-আশুলিয়ার পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন স্থানে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছেন ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম। এ সময় স্থানীয় সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুও উপস্থিত ছিলেন। শ্রমিক আন্দোলনকে কেন্দ্র করে অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

শেয়ার করুন:

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত