প্রেসনিউজ২৪ডটকমঃ নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর ইউনিয়নের সোনাপুর এলাকা ডেঙ্গুর ভয়াল হটস্পটে পরিণত হয়েছে। এলাকার ঘরে ঘরে ডেঙ্গু রোগী শনাক্ত হওয়ার পাশাপাশি পরিস্থিতি দিন দিন আরও আশঙ্কাজনক হয়ে উঠেছে। এর মধ্যে সোনাপুর এলাকার বাসিন্দা তাওলাদ হোসেনের ৭ বছরের ছোট কন্যা তানজুম তাহারা রাইসার শারীরিক অবস্থা অত্যন্ত গুরুতর।
পরিবার সূত্রে জানা যায়, শিশু রাইসার শরীর খারাপ হলে প্রথমে তাকে মদনপুর আল-বারাকা হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তার অবস্থা গুরুতর দেখে ওই হাসপাতালে ভর্তি না করে দ্রুত ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন। পরবর্তীতে তাকে রাজধানীর কাকরাইল ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি ওই হাসপাতালের মহিলা ওয়ার্ডের ৫ তলায় ৭ নম্বর কেবিনে জরুরি চিকিৎসাধীন রয়েছেন।
অত্যন্ত আদরের এই শিশুর আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দেশবাসীর কাছে আন্তরিক দোয়া প্রার্থনা করেছেন তার পিতা-মাতা। এদিকে, কাঁচপুর সোনাপুর এলাকার এই ভয়াবহ ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এলাকায় অবিলম্বে মশক নিধন কার্যক্রম জোরদার করা এবং জমে থাকা পানি ও ঝোপঝাড় পরিষ্কার করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি তীব্র আকুল আবেদন জানিয়েছেন এলাকাবাসী।





