প্রেসনিউজ২৪ডটকমঃ জিয়াউর রহমান জিয়া মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ঃ ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ৬ জনকে অবৈধ ভাবে বাংলাদেশে পুশইনের অপচেষ্টা ব্যর্থ করে দিয়েছে ৫৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার ভোরের দিকে মহেশপুর ৫৮ বিজিবির অধীনস্থ সামন্তা ক্যাম্পের (বর্ডার অবজারভেশন পোস্ট) দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৫৫/এমপি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবি সূত্রে জানা যায়, শনিবার ভোরে ভারতের ৫৯ বিএসএফ ব্যাটালিয়নের সিঙ্গামোড়া ক্যাম্পের সদস্যরা ৬ জন অজ্ঞাত ব্যক্তিকে (৪ জন পুরুষ ও ২ জন নারী) সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে।
এ সময় বিজিবির নিয়মিত টহলদল বিষয়টি তাৎক্ষণিকভাবে শনাক্ত করে কঠোর অবস্থান নেয় এবং ওই ব্যক্তিদের প্রবেশে বাধা প্রদান করে। বিজিবির বাধার মুখে বিএসএফ সদস্যরা পিছু হটতে বাধ্য হন। পরে বিএসএফ সদস্যরা অনুপ্রবেশকারীদের ভারতীয় সীমান্তবর্তী কাঁটাতারের বেড়া সংলগ্ন এলাকায় ফিরিয়ে নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান বলেন, সীমান্তে যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও সীমান্ত আইন লঙ্ঘনের অপচেষ্টা রোধে বিজিবি সদস্যরা সর্বদা সর্বোচ্চ সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে এবং এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি সার্বক্ষণিক পেশাদারত্ব, সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে।





