প্রেসনিউজ২৪ডটকমঃ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সরকারি চাকরিজীবীদের সামনে টানা চার দিনের ছুটি ভোগের সুযোগ তৈরি হয়েছে। সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, চলতি বছর আগামী ২৬ আগস্ট (বুধবার) ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে।
তবে চাঁদ দেখার ওপর নির্ভর করে তারিখে পরিবর্তন হতে পারে। ছুটির তালিকা অনুযায়ী, ২৬ আগস্ট বুধবার সরকারি ছুটি। এরপর ২৮ ও ২৯ আগস্ট যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি। ফলে ২৭ আগস্ট বৃহস্পতিবার একদিনের ছুটি নিতে পারলে সরকারি চাকরিজীবীরা টানা চার দিনের অবকাশ উপভোগ করতে পারবেন।
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশের সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং অধিকাংশ বেসরকারি অফিস বন্ধ থাকে। তবে জরুরি সেবার আওতাভুক্ত বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, টেলিযোগাযোগ, ইন্টারনেট, ডাকসেবা, হাসপাতাল ও চিকিৎসাসেবা খাতের কর্মীদের জন্য এ ছুটি প্রযোজ্য হয় না।
এ ছাড়া ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহন, জরুরি যানবাহন পরিচালনা এবং দায়িত্বপালনে নিয়োজিত কর্মীরাও ছুটির আওতার বাইরে থাকবেন। অন্যদিকে, ঈদে মিলাদুন্নবীর ছুটিতে ব্যাংক খোলা বা বন্ধ থাকবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ব্যাংক। আর আদালতের কার্যক্রম পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সুপ্রিম কোর্ট।





