প্রেসনিউজ২৪ডটকমঃ ঝোড়ো বাতাসের পর উত্তাল পদ্মা নদী শান্ত হওয়ায় প্রায় পৌনে এক ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। রোববার (২৪ মে) রাত ৯টা ২০ মিনিটের দিকে পরিস্থিতির উন্নতি হলে পুনরায় এ রুটে ফেরি চলাচল শুরু হয়।
এর আগে রাত সাড়ে ৮টা থেকে ঝোড়ো বাতাসের কারণে পদ্মা নদী উত্তাল থাকায় নৌ-দুর্ঘটনা এড়াতে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। ফেরি চলাচল বন্ধ থাকায় নদী পারের অপেক্ষায় দৌলতদিয়া প্রান্তের সড়কে আটকে পড়ে বেশ কিছু যানবাহন। ফলে দুর্ভোগে পড়েন যাত্রীরা।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, উত্তাল পদ্মা শান্ত হওয়ায় রাত ৯টা ২০ মিনিটের দিক থেকে ফেরি চলাচল শুরু হয়েছে। দৌলতদিয়া প্রান্তে যানবাহনের যে সিরিয়াল রয়েছে, এখন তা দ্রুত কমে যাবে।





