গণভোটে সরকারি চাকরিজীবীরা পক্ষে-বিপক্ষে প্রচার চালাতে পারবেন না : ইসি

0
গণভোটে সরকারি চাকরিজীবীরা পক্ষে-বিপক্ষে প্রচার চালাতে পারবেন না

প্রেসনিউজ২৪ডটকমঃ গণভোটে সরকারি চাকরিজীবীরা ‘হ্যাঁ’ বা ‘না’-এর পক্ষে-বিপক্ষে প্রচার চালাতে পারবেন না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে এ তথ্য জানানো হয়েছে।

সব রিটার্নিং কর্মকর্তাকে দেওয়া চিঠিতে ইসি আরও বলেছে, গণভোট অধ্যাদেশ, ২০২৫ এর ধারা ২১ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৮৬ এর বিধানাবলীর প্রতি দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে, প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোনো ব্যক্তি গণভোট বিষয়ে জনগণকে অবহিত ও সচেতন করতে পারবেন।

তবে তিনি গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে বা ‘না’-এর পক্ষে ভোট প্রদানের জন্য জনগণকে কোনোভাবে আহ্বান জানাতে পারবেন না। কেননা, এ ধরণের কার্যক্রম গণভোটের ফলাফলকে প্রভাবিত করতে পারে, যা গণভোট অধ্যাদেশ, ২০২৫ এর ধারা ২১ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৮৬ অনুযায়ী একটি দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। চিঠিতে রিটার্নিং কর্মকর্তাদের এ বিধান অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here