প্রেসনিউজ২৪ডটকমঃ ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি : ৫৩ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর দাবা ইভেন্টে দিনাজপুর জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ফুলবাড়ীর কৃতি সন্তান হাবিব এ রাসুল ভিন্ন। “বড় বালক” বিভাগে অংশ নিয়ে সে এই কৃতিত্ব দেখায়। হাবিব এ রাসুল ফুলবাড়ীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বীর মুক্তিযোদ্ধা ইনস্টিটিউটের ছাত্র।
উল্লেখ্য, হাবিব এ রাসুল ভিন্ন ফুলবাড়ী উপজেলার আব্দুল কাইয়ুম সরকারের পুত্র। এছাড়া তিনি ফুলবাড়ী মডেল প্রেসক্লাবের সভাপতি কবির সরকারের ভাতিজা। জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ায় তাকে এলাকার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।
হাবিবের এই সাফল্যে গর্বিত বীর মুক্তিযোদ্ধা ইনস্টিটিউট কর্তৃপক্ষ জানায়, প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মেধা ও খেলাধুলায় এ ধরনের সাফল্য প্রতিষ্ঠানের সুনাম আরও বৃদ্ধি করেছে। স্থানীয়রা আশা করছেন, হাবিব এ রাসুল ভিন্ন আগামীতে বিভাগীয় ও জাতীয় পর্যায়েও ফুলবাড়ী ও দিনাজপুরের নাম উজ্জ্বল করবে।





