বিভা হাসান ‘আওয়ামী লীগের দোসর’ : রাফি উদ্দিন রিয়াদ

0
বিভা হাসানকে ‘আওয়ামী লীগের দোসর’

প্রেসনিউজ২৪ডটকমঃ নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল শেষে দলটির শীর্ষ নেতাদের সামনে নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভা হাসানকে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মহানগর যুবদলের ১ নম্বর সদস্য রাফি উদ্দিন রিয়াদ।

একইসাথে তাকে জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান বানানোর চেষ্টার প্রতিবাদ জানিয়ে সরাসরি প্রধানমন্ত্রীর কাছে লিখিত অভিযোগ দায়ের করার ঘোষণা দিয়েছে নির্যাতিত বিএনপি নেতা জামাল উদ্দিন কালুর পরিবার। বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে মহানগর বিএনপির সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে এ ঘটনা ঘটে। কর্মসূচি শেষ হতেই মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর সাথে সরাসরি বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন যুবদল নেতা রিয়াদ।

ঘটনার বিস্তারিত জানিয়ে রাফি উদ্দিন রিয়াদ সাংবাদিকদের বলেন, “সাখাওয়াত ও টিপু ভাই মঞ্চে দাঁড়িয়ে আওয়ামী দোসরদের বিরুদ্ধে বক্তব্য দিলেও বাস্তবে বিভা হাসানের মতো চিহ্নিত ফ্যাসিস্ট ও সাবেক মেয়র আইভীর দোসরকে সাথে নিয়ে চলছেন। বিভা হাসান নিজেই আওয়ামী লীগের দোসর হয়ে আমার মা—মহানগর মহিলা দলের সাবেক সভাপতিকে ‘আওয়ামী লীগের দালাল’ বলে কটূক্তি করেছেন। অথচ আমার বাবার শরীরে এখনো বিগত শাসনের ১৬টি গুলির চিহ্ন রয়েছে।

তিনি স্পষ্ট জানান, কোনো ভায়া বা মাধ্যম ছাড়াই তাদের পরিবার সরাসরি প্রধানমন্ত্রীর কাছে বিভা হাসান ও স্থানীয় বিএনপি নেতাদের আশ্রয়-প্রশ্রয়ের বিরুদ্ধে অভিযোগ জমা দেবে। এ বিষয়ে বাক-বিতণ্ডাকালে উপস্থিত থাকা মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল যুবদল গণমাধ্যমকে জানান, “রিয়াদের মাকে বিভা হাসান আওয়ামী লীগের দালাল বলায় রিয়াদ তার প্রতিবাদ করেছে। নারায়ণগঞ্জে কে মূল দোসর তা সবাই ভালো করেই জানে।

রিয়াদের বাবা জামাল উদ্দিন কালুর পরিবার নারায়ণগঞ্জে বিএনপির অন্যতম নির্যাতিত ও ত্যাগী পরিবার। তবে বাক-বিতণ্ডার কথা স্বীকার করলেও বিষয়টি গুরুতর নয় বলে দাবি করেছেন মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু। তিনি জানান, এক নারীর সাথে কিছু মন্তব্য আদান-প্রদান নিয়ে রিয়াদ কেবল সিনিয়র নেতাদের বিষয়টি অবহিত করেছে। অন্যদিকে আওয়ামী লীগের দোসরের অভিযোগ অস্বীকার করেছেন আফসানা আফরোজ বিভা হাসান।

তিনি বলেন, “দলীয় কার্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় রিয়াদের মাকে ওপরে উঠে দাঁড়াতে বললে তিনি আমাকে নিয়ে বাজে মন্তব্য করেন। আমি জবাবে বলেছি, অতীতে শামীম ও সেলিম ওসমানের সাথে অনেকেরই ছবি ছিল, কিন্তু আমার সাথে আওয়ামী নেতাদের কোনো ছবি নেই। আমি প্যানেল মেয়র হিসেবে সাবেক মেয়র আইভীর সাথে থেকে জনগণের স্বার্থে দায়িত্ব পালন করেছি, কোনো রাজনৈতিক মিছিলে যাইনি।

” মহিলা সংস্থার শীর্ষ পদ পাওয়ার বিষয়ে তিনি জানান, সম্পূর্ণ দলীয় পরিচয় ও নিজের যোগ্যতায় তিনি এই পদের জন্য চেষ্টা করছেন, কোনো নেতা তার জন্য লবিং করছেন না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here